জয়পুরহাটে বিজয় দিবসে হামলার হুমকি দিয়েছে জেএমবি, সকল সিনেমা হল বন্ধ
বিজয় দিবসে জয়পুরহাটের বিভিন্ন সিনেমা হল, এনজিও অফিস ও গুরুত্বপূর্ন স্থাপনাসমূহে বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।
এই হুমকির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন ১৬ ডিসেম্বর পর্যন্ত সকল সিনেমা হল বন্ধ করে দিয়েছে। সূত্র জানায়, জেএমবি’র ‘এহসার’ নামক একদল আত্মঘাতী সদস্য জয়পুরহাটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে এবং তারা ১৬ ডিসেম্বরের মধ্যে সিনেমা হল, মার্কেট, এনজিও অফিস ও সভা সমাবেশ টার্গেট করে আত্মঘাতী বোমা হামলা চালাবে। এই মর্মে তথ্য পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন শহরের সকল সিনেমা হল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
শহরের প্রত্যেকটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টরদের দিয়ে শরীর তল্লাশী করা ছাড়া কাউকে মার্কেটগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছেনা। শহরে বিডিআর মোতায়েনের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল জোরদার করেছে। আবাসিক হোটেল, হোটেল--রেস্তোরা, ছাত্রাবাসসহ সন্দেহজনক সকল স্থানে চালানো হচ্ছে তল্লাশী।
