বগুড়ায় যুবলীগের প্রতিবাদ সভায় যুবদলের হামলার চেষ্টা
দেশে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে শনিবার সকালে শহরে টে¤পল রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব লীগ কর্মীরা অভিযোগ করেন, সমাবেশের আগে যুবদলের নেতাকর্মীরা লাঠি নিয়ে সমাবেশে হামলার চেষ্টা করলে র্যাব ও পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ হয়। এ নিয়ে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের কাছে জেলা যুবলীগ প্রতিবাদ সভার আয়োজন করে। তখন পুলিশের উপস্থিতিতে লাঠি হাতে যুবদলের নেতাকর্মীরা যুবলীগের সভায় হামলার চেষ্টা করে। এ সময় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। র্যাব সদস্যরা এসে যুবদলের নেতাকর্মীদের হাত থেকে লাঠি কেড়ে নেয়।
পরে জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সামসুদ্দিন শেখ হেলাল, সাগর কুমার রায়, সাইফুল ইসলাম, রুবন, আতিকুর রহমান, রাজা, মিথুন, টিটো, সিদ্দিকুর, লিটন, জয়, ইমরান, উদয়, সুলতান, সুজা, ডনেল ও রবিউল।
বক্তারা বলেন, স্বাধীনতার পক্ষের সংগঠনের ওপর এ হামলা প্রমাণ করে, স্বাধীনতার পরাজিত শক্তি এসবের সাথে জড়িত।
তারা বলেন, বোমা হামলার সাথে সংশি¬ষ্টরা সরকারের শরিক, তাই তাদের সাথে আলোচনা বা সংলাপের প্রয়োজন নেই।
প্রতিবাদ সভা বন্ধ করতে যুবদলের ভূমিকার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এতে প্রমাণিত হয়, তারা জঙ্গিদের পৃষ্ঠপোষক।
