বাগেরহাটে ইউপি সদস্য যুব দল নেতা খুন
বাগেরহাটের চিতলমারীতে মো. ইলিয়াস হোসেন মৃধা (৩৫) নামে স্থানীয় এক ইউপি সদস্য ও যুবদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের দুর্গম এলাকার একটি চিংড়ি ঘেরে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ হত্যাকারী সন্দেহে শহিদ শেখ (৩৫) নামে স্থানীয় এক যুবক ও তার পিতা--মাতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইলিয়াস মৃধা চিতলমারী উপজেলার চর বানিয়ারী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য এবং চর বানিয়ারী ইউনিয়ন যুব দলের সভাপতি। সে ওই ইউনিয়নের খেঠার চর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। পার্শ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের একটি বিরোধপূর্ণ চিংড়ি ঘেরের মালিকানা ও দখল সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে সে খুন হয়। হত্যাকারীরা তাকে ঘেরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
চিতলমারী থানা পুলিশ আরো জানায়, হত্যার অভিযোগে সন্দেহজনকভাবে শহিদ শেখ নামে এক যুবক, তার পিতা মুজিবর শেখ (৫৫) ও মাতা মহিতুন বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ঘের নিয়ে শহিদের সাথে নিহত ইলিয়াসের বিরোধ চলছিলো। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে। কোনও মামলা হয়নি।
