বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ লেখকদের জন্য ব্রিটিশ কাউন্সিলের নয়া উদ্যোগ
এই প্রথমবারের মতো আগামী ১৫ ডিসেম্বর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ লেখকদের তুলনামূলক সাহিত্য আলোচনা শুরু হতে যাচ্ছে ।
শনিবার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজনের সমন্বয়ক সাইফুল ইসলাম জানান, ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ফিউচারস প্রজেক্টের অংশহিসেবে নেওয়া হয়েছে ওই ‘ম্যাপ্স অ্যান্ড মেটাফারস’ প্রজেক্টটি।
এ প্রজেক্টের সাহিত্যকর্ম হিসেবে তরুণ লেখকরা মূলত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও সামাজিক --সাংস্কৃতিক বিষয়, যেমন এইডস, নারী -- পুরুষ সম্পর্কসহ কবিতা, উপন্যাস, নাটকের তুলনামূলক বিচার করবেন।
তিনি জানান, সাহিত্য কর্মে অংশগ্রহণ করবেন ব্রিটিশ সাহিত্যিক দিনেশ আলী রাজা, ব্রাইন পিকেলসের সদস্যরা এবং যুক্তরাজ্যের পাঁচজন সাহিত্যিক।
ব্রিটিশ কাউন্সিল ওই প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে গঠন করেছে ‘ব্রাইন পিকেল্স’। এ প্রজেক্টটির মাধ্যমে একই সঙ্গে ব্রিটিশ সাহিত্যকর্ম এবং বাংলাদেশে ইংরেজীতে যেসব তরুণ সাহিত্য চর্চা করছেন, তাদের কথা জনগণের কাছে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইস্ট এ্যাংলিয়ায় অধ্যয়নরত তরুণ লেখক এমান্ডা স্মিথ এবং এ্যানা স্টুয়ার্ড।
