২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আইন সংস্কার আমাদের কাজ নয়, তত্ত্বাবধায়ক সরকারের কাজ : মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনী আইন সংস্কার করা বর্তমান সরকারের কাজ নয়। আমাদের অধীনে তো নির্বাচন হবে না। নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার, এটা তাদের কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

শনিবার ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনাতয়নে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ) আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘রাজনীতিতে সহিষ্ণুতা ও আগামী নির্বাচন’ শীর্ষক এ গোল টেবিল বৈঠকে ব্যারিস্টার মওদুদ বলেন, গণতন্ত্রের পূর্বশর্ত সহিষ্ণুতা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই জিনিসটির অভাব রয়েছে। তবে বর্তমানে দেশ একটি সহিষ্ণু গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কারণ নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। নির্বাচন অবাধ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের।

তিনি বিরোধী দলের সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, নির্বাচনী আইন, নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার প্রভাব রোধে আলোচনা হতে পারে। এ ব্যাপারে সংসদে এসে বিরোধী দল আলোচনা করতে পারে। প্রয়োজনে সংসদের বাইরেও আলোচনা হতে পারে। তবে মৌলিক সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক কোনো সংস্কার করা যাবে না।

আইন মন্ত্রী জঙ্গিবাদের সমালোচনা করে বলেন, তারা ইসলামের নামে বোমাবাজি করলেও তা ইসলামের জন্য করছে না। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা করছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক জঙ্গি হামলার পেছনে অপশক্তি কাজ করছে বলে অভিযোগ করে বলেন, জেএমবি জামায়াতের গোপন সংগঠন। তাদের আরো ১৪টি গোপন সংগঠন রয়েছে। তাই এ সংগঠনকে নিষিদ্ধ করা হলেও কাউকে গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সরকারের মন্ত্রীরাই তাদের ব্যাপারে বিভিন্ন কথা বলছেন।

তিনি বলেন, জঙ্গিরা এখন দেশের স্বাধীনতা, বিজয় দিবস, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা নিয়ে হুমকি দিচ্ছে। ৭১’র পরাজয়ের প্রতিশোধ নিতেই পরাজিত শক্তি এ কাজ করছে। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে জয়ী হতে পারলেই নির্বাচন নিয়ে ভাবতে হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের অধীনে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ তিনি তার দুই কমিশনারের সাথে কথা না বলেই স্বৈরতান্ত্রিক কায়দায় সিদ্ধান্ত নেন। আর তার সাথে থাকেন প্রধানমন্ত্রীর দপ্তরের ঘণিষ্ট ও কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়া।

তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের পরিচালনায় বৈঠকে আরো বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বামাসপের উপদেষ্টা ফাদার আর ডব্লিউ টিম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ইনকিলাবের উপ-সম্পাদক মঞ্জুরুল আলম, ঢাবি শিক্ষক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ব্রাদার ডি’সুজা, শরীফ এ কাফি ও ড. খুরশিদ আলম।