২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বিশ্ব মানবাধিকার দিবস, বিভিন্ন সংগঠনের কর্মসূচি গ্রহণ

মানবাকারের সার্বজনীন ঘোষণাকে স্মরণ করে শনিবার বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

১৯৪৮ সালের ডিসেম্বরের ১০ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের এই সার্বজনীন ঘোষণা গৃহীত হয়।

এবছর জাতিসংঘ ‘নির্যাতন এবং তা প্রতিকারে বৈশ্বিক প্রচেষ্টা’ এই থিম সামনে রেখে বিশ্বব্যাপী ভিন্ন জাতি গোষ্ঠীর ওপর পরিচালিত অত্যাচার নিযৃাতন বন্ধের বিরুদ্ধে জেগে ওঠার আহবান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব কফি আনান দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে বলেছেন, আজ মানবাধিকার দিবসে আসুন আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি এবং বিশ্বকে অত্যাচার নির্যাতন মুক্ত করতে নিজেদের আরো একবার নিযোজিত করি।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্যাতন কোনও প্রক্রিয়া হতে পারে না।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাও বাংলাদেশে স্বাক্ষর করেছে। তবে বেশ কিছু কারণে বাংলাদেশ আজও এ ঘোষণার সনদ যথাযথভাবে অনুসমর্থন করেনি।

মানবাধিকারের বিষয়টি শিক্ষিত ও সচেতন মহলে কেবল আলোচনার পর্যায়ের রয়ে গেছে। এখনও প্রতিদিন বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন মানবাধিকার, রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা, মানব বন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম ও বিক্ষোভ কর্মসূচি।

দিবসটি উপলক্ষে ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউন্যাব) শনিবার বিকেলে সাড়ে ৪টায় নগরীর সিরডাপ মিলনায়তনে এক সিম্পোজিয়ামের আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন।

বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ ও গ্রামীণ দরিদ্রদের উন্নয়ন নামে দু’টি সংগঠন যৌথভাবে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করবে। সকাল সাড়ে ৯টায় নিউ ইস্কাটন রোডের কুদরত-ই-এলাহী হলে ‘রাজনীতিতে সহিষ্ণুতা এবং আগামী নির্বাচন’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) নীলক্ষেতে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে আলোচনা সেমিনার ও মানবাধিকার সংক্রান্ত পোস্টার প্রদর্শনীর আয়োজন করবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি।

ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর প্রতিবাদে বাংলাদেশ ইপিজেড শ্রমিক কেন্দ্র সকাল ১১টায় নগরীর মুক্তাঙ্গণ থেকে একটি মৌন ‘মুখোশ মিছিল’ বের করবে। এছাড়াও দেশের গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মানবাধিকার লংঘনের প্রতিবাদে দুপুর ১২টায় মুক্তাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদিবাসীদের বাক স্বাধীনতা ও স্বান্ত্রত্র্যের দাবিতে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের ব্যানারে পাহাড়ি জনগণ শাহবাগে সকাল সাড়ে ১০টায় মানব বন্ধনের আয়োজন করবে।

এছাড়াও শত্র“ সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন জাতীয় কমিটি এ আইনকে মানাবাধিকারের লঙ্ঘণ বলে উল্লেখ করে বিকেল তিনটায় হাইকোর্ট ভবনের সামনে মানব বন্ধন করবে।