সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে রোকেয়া দিবস উদযাপন
নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার ১২৫তম জন্ম ও মৃত্যু৭৩ তম বার্ষিকী পালিত হয়েছে।
সরকারি বেসরকারি পর্যায়ে দিনভার নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, মানব বন্ধন, সমাবেশ ও র্যালী।
রোকেয়া দিবস উপলক্ষ্যে চারটি সংগঠন হাইকোর্টের সামনে মানব বন্ধন করে।
বাংলাদেশ কোয়ালিশন ফর চাইল্ড রাইটস (বিসিসিআর), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশীপ সেন্টার (বিডিপিসি), নারী অধিকার প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্প এবং মানবাধিকার ফাউন্ডেশন এ কর্মসূচীর আয়োজন করে।
মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন বিডিপিসির পরিচালক শরিফ এ বাকী, প্রকল্প পরিচালক মেহেরুন্নেছা সিমা, বিসিসিআর এর প্রোগ্রাম ম্যানেজার তোফাজ্জেল হোসেন।
বক্তারা বলেন, রোকেয়া যে সমাজের স্বপ্ন দেখে ছিলেন এখনও তার বাস্তবায়ন হয়নি। নারী মুক্তি আন্দোলনকে আরো অগ্রসর করতে হবে। সমাজে নারীদের যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে।
তোফাজ্জেল হোসেন বলেন, অস্থিতিশীল পরিবেশের কারণে নারী নির্যাতন বেড়ে চলছে। আইন করে তা দমন করতে হবে।
শরিফ এ বাকী বলেন, রোকেয়ার আদর্শে উজ্জীবীত হয়ে নারীর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে হবে।
পূঁজিবাদী, সাম্রাজ্যবাদী শোষণ, উগ্র মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নারী মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারী সমাবেশ ও র্যালীর আয়োজন করে।
ফোরাম’র সভাপতি রওশন আরা রুশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সভাপতি আব্দুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সোমা সাহা প্রমূখ।
বক্তারা বলেছেন, বেগম রোকেয়ার মৃত্যুর ৭৩ বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু তাঁর লড়াই আজও শেষ হয়নি। গুটিকয়েক নারী লেখা পড়া শিখে সমাজের বিভিন্ন স্তরে কাজ করলেও তাদের দ্বারা নারী পুরুষ তথা সমাজের মানসিকতার কোন মৌলিক পরিবর্তন হয়নি। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মোল্লাতন্ত্রের অবসান ঘটাতে হবে।
সমাবেশ শেষে তারা একটি র্যালীও বের করে।
