২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলের ইউপি চেয়ারম্যানরা জিআর’র চাল উত্তোলন করছেন না

ত্রাণ হিসেবে চাল বিতরণের জন্য তালিকা তৈরিতে দলীয়করণের প্রতিবাদে জেলার নাচোল উপজেলার ইউপি চেয়ারম্যানরা চাল উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 09:30 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ইউপি চেয়ারম্যানরা বলেছেন, নাচোলের চার ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন জিআর চাল বিএনপি দলীয় সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেনের সুপারিশকৃত তালিকা অনুযায়ী বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান স্থানীয় সংসদ সদস্যের সুপারিশকৃত তালিকা অনুযায়ী বিতরণ সংক্রান্ত চিঠি ইউপি চেয়ারম্যানদের দেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, সাংসদের উদ্যোগে নিয়ে আসা এটি বিশেষ বরাদ্দের জিআর চাল বিধায় সাধারণত সাংসদের সুপারিশকৃত তালিকা অনুযায়ী বিতরণ করা হয়ে থাকে।

এদিকে চাল বিতরণের জন্য তালিকা তৈরিতে দলীয়করণের অভিযোগ অস্বীকার করে সাংসদ মঞ্জুর হোসেন বিডিনিউজকে জানান, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, গ্রাম সরকার ও গ্রামের মোড়ল মাতব্বরদের মাধ্যমে এক তালিকা তৈরি করা হয়েছে, যাতে করে এ তালিকা সার্বজনীন হয়।