২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র হুমকি অব্যাহত, ২য় লিড

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ- এর (জেএমবি) হুমকি অব্যাহত রয়েছে। বৃহষ্পতিবার তারা ডাকযোগে চিঠি পাঠিয়ে এসব হুমকি দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

হবিগঞ্জ প্রতিনিধি জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ৭ ডিসেম্বরের মধ্যে জেএমবি’র সদস্যদের হয়রানি বন্ধ না করলে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বোমা মেরে জেলা প্রশাসকের কার্যালয় উড়িয়ে দেওয়া হবে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গ্রেপ্তারকৃত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের ৩ দিনের মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা না করলে পঞ্চগড় জেলা প্রশাসককে (ডিসি) হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি।

বৃহস্পতিবার ডাকযোগে জেলা প্রশাসক মোঃ আজহার আলীর কাছে পাঠানো এক চিঠিতে তার গাড়ি, বাসভবন এবং অফিসে বোমা মারার হুমকি দিয়েছে।

জেলা প্রশাসক ডাকযোগে পাওয়া হুমকি সম্বলিত চিঠি পেয়ে দুপুরেই পঞ্চগড় থানায় একটি জিডি করেছেন।

পঞ্চগড় শহরের নতুন বস্তি এলাকার নাম পরিচয় বিহীন জেএমবি’র একজন সদস্যের পাঠানো চিঠিতে আরও উলে¬খ করা হয়, আপনার জেলায় যদি জেএমবি’র সদস্যকে পুলিশ গ্রেফতার করে তাহলে আপনাকে শহীদের কাতারে অবস্থান করতে হবে এবং এর সাথে সাথে আপনার পরিবারকেও। আর যতই আপনি নিরাপত্তার মধ্যে থাকেন না কেন বাঁচতে পারবেন না।

জেলা প্রশাসক মোঃ আজাহার আলী চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জেএমবি কুড়িগ্রাম সোনালী ব্যাংক ও প্রিন্সিপাল অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় বৃহস্পতিবার সকালে জেএমবি পৃথকভাবে দুটি চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে ৩০ দিনের মধ্যে ব্যাংকে কর্মরত সিনিয়র অফিসার মোঃ আব্দুস সবুর কে বদলী করতে হবে। অন্যথায় এখানেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এ ব্যাপারে ব্যাংকে উর্ধ্বতন মহল ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসনা আরা খাতুনের কাছে  পাঠানো চিঠিতে বোমা মেরে কলেজ উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জেএমবি। এতে বলা হয়েছে, মহিলা কলেজের হোস্টেল বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষা চালু করতে হবে। সেখানে মেয়েরা পড়বে এবং পর্দায় থাকবে। এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, কলেজ হোস্টেলের পাশে বোমা পেতে রাখা হয়েছে, এবং এই আদেশ বাস্তবায়িত না হলে বোমা ফাটানো হবে। চিঠিতে জেএমবি’র পাশাপাশি হরকাতুল মুজাহিদিনের নাম উলে¬খ করা হয়েছে।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট এ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিঠির মাধ্যমে ২৬ ডিসেম্বর যে-কোন সময় বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে জেএমবি। অপরদিকে লালমনিরহাট পৌর আ’লীগের ১নং ওয়ার্ড কমিটির সভাপতি মফিজুল ইসলামকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে অপর এক চিঠি দেয়। এতে লেখা হয়েছে, ইসলাম বিরোধী কোন কাজ করা চলবে না। লালমনিরহাট জেলা সদরে অবস্থিত শেখ শফিউদ্দিন কর্মাস কলেজেও বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জেএমবি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ্যাডভোকেট আমিনুল ও মফিজুর সাংবাদিকদের জানান, প্রশাসন কতখানি নিরাপত্তা দিবে জানি না, তবে আমরা আতঙ্কিত।

বিডিনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি’র আত্মঘাতী দলের নামে বৃহস্পতিবার ‘ইসলামী আইন চালু করা’ শিরোনামে একটি চিঠির মাধ্যমে বোমা হামলার হুমকি এসেছে সদরের রামকুমার উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে অবিবাহিত শিক্ষক না রাখা, নামাজের নির্দিষ্ট স্থান তৈরি ও নামাজ পড়া এবং ইসলামী আইন ও হুকুম চালু করে  মেয়েদের বাধ্যতামূলক বোরখা পড়া দায়েমী ফরজ বলে উল্লেখ করা হয় চিঠিতে। চিঠিতে আরো লেখা ছিল-আমরা সাত জন আত্মঘাতী জেএমবি। চিঠিটির খামে বিপদজনক একটি সংকেত ছিল। প্রধান শিক্ষক চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন।

এদিকে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সিরাজদিখান উপজেলার ইছাপুরাস্ত কে বি ডিগ্রি কলেজ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার টেলিফোনযোগে এ হুমকি দেয়া হয় বলে আফসার হোসেন জানান।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিস ও জেলা প্রশাসকের বাস ভবন, পুলিশ সুপার অফিস, জজ কোর্ট, স্কুল এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোবাইল বার্তা ও পত্র দিয়েছে জেএমবি আত্মঘাতী বোম হামলাকারীরা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক গাজী মিজানুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলা হয় আওয়ালকে গ্রেফতার করে জন্য তাদেরকে মাসুল দিতে হবে। অন্যদিকে জেএমবি ঠাকুরগাঁও সরকারি কলেজে বোমা মারার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা যাবে না এবং কলেজও বন্ধ না রাখা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত ভাবে বিষয়টি অবহিত করা হয়।