দেশব্যাপী বিস্ফোরণ, আতঙ্ক
নওগাঁ, নীলফামারী এবং মেহেরপুর জেলায় পৃথক বোমা হামলায় দু’জন নিহত এবং দুই শিশুসহ ছয়জন মারাত্মক আহত হয়েছে।
নেত্রকোণায় বৃহস্পতিবারের ভয়াবহ আত্মঘাতী হামলার পাশাপাশি এ হামলাগুলোও দেশব্যাপী আতঙ্ক বাড়িয়ে তোলে।
এছাড়া খুলনায় একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। অপরদিকে সিরাজগঞ্জ, চট্টগ্রাম এবং দিনাজপুরে শক্তিশালী বোমা উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উদ্ধার করা হয়েছে টাইম বোমাসদৃশ বস্তু।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার রাণীনগর উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তিনটি বোমা বিস্ফোরণে একজন নিহত ও দু’জন আহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে।
নিহতদের আত্মীয়রা একে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) হামলা বলে দাবি করছে। হামলাকারী সন্দেহে এ ঘটনায় আহত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার জামিল আহমেদ অবশ্য বলছেন, নিহত এবং আহত ব্যক্তিরা বোমা বহন করছিল।
নিহত আলিমুল ওরফে রাজু (২৯) একজন চাল ব্যবসায়ী। তিনি উপজেলার ভবানিপুর গ্রামের মৃত আফসার আলী আকন্দের পুত্র।
গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
গ্রেপ্তারকৃতদের আত্মীয়স্বজন অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ও তার ভাই ডিজেল বুধবার রাতে কুদাইল বাজার থেকে রিক্শাভ্যানযোগে রাম ভবানিপুর গ্রামে ফিরছিল। এসময় তাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে রাজুর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ত্রিশ গজ দূরে গিয়ে পড়ে। সে ঘটনাস্থলেই মারা যায়।
হামলায় নিহত রাজুর ভাই ডিজেল (২৪) ও রিক্শাভ্যানচালক আঙ্গুর (২৫) গুরুতর আহত হয়েছে। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন।
নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বোমার স্পিন্টার, এক বাক্স চুইংসিগারেট এবং সাইকেলের বল উদ্ধার করেছে।
কারা, কী কারণে হামলা করেছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
এ হামলার পর গোটা উপজেলায় আতংক বিরাজ করছে।
বোমা উদ্ধার ও জেএমবি’র ক্যাডারদের গ্রেপ্তার করতে র্যাব ও পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান নিষিদ্ধ জেএমবি’র বোমা হামলার হুমকির পর বৃহস্পতিবার সকালে কুড়িয়ে পাওয়া আটটি বোমার বিস্ফোরণে দুই স্কুল ছাত্র মারাত্মক আহত হয়েছে। সকালে জেলার সরকারি উচ্চ বিদ্যালয় এবং ছিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র বোমাগুলো কুড়িয়ে পায়। খেলার সরঞ্জাম ভেবে খেলতে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আহতরা হলো-- দুলাল হোসেনের পুত্র রেজাউল ইসলাম (৭) এবং মোশাররফ হোসেনের পুত্র রায়হান হোসেন মুন (৮)। আহতদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার গাংনী উপজেলা শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা হামলায় স্থানীয় পাত্র জুয়েলার্সের মালিক সুনিল কুমার পাত্র ওরফে মঙ্গল নিহত হয়েছেন।
বোমায় ঝলসে যাওয়া এক পথচারী তরিকুল (৫০) ও ভ্যান চালক হাসান (৫০ ) গাংগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রসমূহ জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সন্ত্রাসীরা গাংনী বাসস্ট্যান্ডের জুয়েলারি দোকান পাত্র জুয়েলার্সের ওপর অতর্কিত ভাবে চারটি বোমা নিক্ষেপ করে। এতে মঙ্গলের শরীর ঝলসে যায়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সন্ত্রাসীরা একটি মোটর সাইকেলযোগে এই ঘটনা ঘটায়। পুলিশ ধারণা করছে, এটি সর্বহারা পার্টির কাজ।
স্থানীয়রা তাকে বিএনপি নেতা বলে উল্লেখ করলেও থানা বিএনপি সভাপতি মোহাম্মদ আবদুল্লা বলেছেন, নিহত মঙ্গলের সাথে বিএনপি’র কোনও যোগাযোগ ছিলো না।
বোমা হামলায় জুয়েলারি দোকানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
শেষ খবর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জেলার ডুুমুরিয়া উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী আলাইপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলাইপুর বিলে বিকট শব্দে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এসময় বিলে ধান কাটতে থাকা কৃষকরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে।
বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তৈরির পর পরীক্ষামূলকভাবে কেউ দূর থেকে এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার পৌর এলাকার মীরপুর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে সিরাজগঞ্জ থানা পুলিশের একটি দল প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর বোমাটি নিষ্ক্রিয় করে এবং পরবর্তীতে তা সিরাজগঞ্জ সদর থানায় আনা হয়।
প্রায় পাঁচ ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি ব্যাসার্ধের লালকাগজে মোড়ানো তার ও ব্যাটারিযুক্ত বোমাটি মীরপুর এলাকার হযরত ফাতেমাতুজ জোহরা হাফিজিয়া কওমী মহিলা মাদ্রাসার সামনে ফেরদৌস হাসানের বাড়ি সংলগ্ন টিনের বেড়ার পাশ থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এলাকাবাসী বোমাসদৃশ বস্তুটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশের দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে।
এসময় শতশত দর্শনার্থী রাস্তার দু’পাশে ভিড় জমায়। বোমাটি উদ্ধারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী মন্তব্য করেছেন।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার টাইগার পাস এলাকার রেলওয়ে পলো গ্রাউন্ড হাই স্কুলের সামনে থেকে বৃহস্পতিবার সকালে র্যাব সদস্যরা একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
সকাল সোয়া ৯টার দিকে প্রথমে পথচারিরা স্কুলের মাত্র একশ গজ সামনে বোমা সদৃশ জিনিসটি দেখতে পেয়ে টহল পুলিশকে জানায়। পরে টহল পুলিশ ব্যাপারটি র্যাবকে জানায়।
পুলিশ ওই এলাকা ঘিরে ফেলার আগেই র্যাবের একটি বিশেষজ্ঞ দল সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোমার সঙ্গে থাকা বৈদ্যুতিক তার কেটে বোমাটি নিষ্ক্রিয় করে।
বিশেষজ্ঞ দলের একজন সদস্য জানান, বোমাটির সঙ্গে কোনও টাইম ডিভাইস না থাকলেও ব্যবহৃত উপাদান ছিল অত্যন্ত শক্তিশালী।
এ ঘটনায় রাস্তার উভয় পাশে প্রায় দু’ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার বোচাগঞ্জ উপজেলা পল্লীতে বৃহস্পতিবার দু’টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রনগাঁও গ্রামে পরিত্যাক্ত জমিতে দ’ুটি বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআই নাসির ও অভিরঞ্জন দেব--এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বোমা দু’টি উদ্ধার করে।
বোমা দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কোনও মামলা হয়নি। তবে সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী পদক্ষেপের জন্যে এসপি, (এসবি)সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানানো হয়েছে।
