নেত্রকোণায় বোমা বিস্ফোরণে হামলাকারী ও উদীচী নেতাসহ ৭ জন নিহত, আহত অর্ধ শতাধিক, ৩য় লিড
স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা নেত্রকোণায় বৃহস্পতিবার সকালে আত্মঘাতী হামলাসহ পৃথক বোমা বিস্ফোরণে সাতজন নিহত এবং ছয় পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
গাজীপুরে সর্বশেষ আত্মঘাতী হামলার মাত্র এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবার আঘাত হানলো তাদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিতি নেত্রকোণায়।
নিহদের মধ্যে অন্যতম উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার হোসেন ঘটনাস্থলেই মারা যান। এর আগে মৌলবাদীরা ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর কেন্দ্রীয় সম্মেলনে বোমা হামলা চালায়। ওই হামলায় মারা যায় ১২ জন। এটিকে মৌলবাদীদের প্রথম বড় ধরনের হামলা হিসেবে চিহ্নিত করা হয়।
বোমা হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ রোববার নেত্রকোণায় সকাল--সন্ধ্যা হরতাল এবং শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
উদীচী অফিসের সামনে সংঘটিত বোমা হামলায় ঘটনাস্থলেই মারা যায় দু’জন। নেত্রকোণা হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দু’জন। এছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যায় আরও তিনজন।
এর আগে বোমা বিস্ফোরণের পরপর ঘটনাস্থলে দীর্ঘসময় রক্তাক্ত অবস্থায় এক আত্মঘাতী হামলাকারীর অচেতন দেহ পড়ে ছিল। হামলাকারী মারা গেছে ভেবে, পুলিশ দেহটি ধরতেও ভয় পায়। কারণ তার দেহে বোমার তার পেঁচানো ছিল। পরে জীবিত আছে জেনে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন-- জেলা উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার হোসেন, জনৈক আবদুস সামাদের স্ত্রী জাহানারা (৩৫) এবং স্থানীয় একটি ওয়েলডিং কারখানার শ্রমিক যাদব (৩২)।
পুলিশ জানায়, আত্মঘাতী বোমা হামলায় এক সদস্য নিহত এবং অপর একজন মারাত্মক আহত হয়েছে। পুলিশের দাবি, নিহত যাদব বিশ্বাস ছিল সুইসাইড স্কোয়াডের সদস্য।
পুলিশ সূত্র বলে, যাদবের শরীরে তার পেঁচানো ছিল। এতে প্রমাণ হয়, সে আত্মঘাতী দলের সাথে জড়িত।
অপরদিকে যে ওয়ার্কশপে যাদব কাজ করতো, তার মালিক গোপাল জানান, সকালে সে বাসা থেকে খাওয়া দাওয়া করে তার বন্ধু রিপনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তিনি বলেন, যাদব খুব ভালো ছিল।
বোমা হামলায় আট বছরের এক শিশুও আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২০ জনকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ ঘটনায় নেত্রকোণায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে সকালে ৯টা ৪০--এ শতদল ক্লাব ও উদীচী কার্যালয়ের সামনে।
গুঁড়ো দুধের কৌটায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনী এসে পানি দিয়ে বোমাটি নিস্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। এসময় দুই পুলিশসহ তিনজন আহত হয়।
প্রথম বোমা হামলার খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে তারা ফিরে যাওয়ার সময় আত্মঘাতী অপর হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। অপর দু’জনকে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়।
তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অক্ষত রয়েছেন।
এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন স্থানে মিছিল--সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দেয়।
আহতদের মধ্যে ৩০ জনের পরিচয় জানা গেছে।
তারা হলো- নেত্রকোনা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক সানোয়ার হোসেন ভূঁইয়া, রনি, রিপন, মোখলেস, সুজিত, লিটন, রফিকুল ইসলাম, রতন কর্মকার, এসআই ওসমান, এএসআই আবদুস সামাদ, কনস্টেবল হুমায়ুন কবীর, শাহ আলম, জিন্নত আলী, রায়হান, গোলাম কিবরিয়া, বোরহান, ইসমাইল, মাহবুব, বিমল সাহা, মলয় বণিক, আবুল কালাম আজাদ, সুদিত্রা পাল, কনস্টেবল জাকারিয়া, অর্ণব হোসেন, জাকির, করুনা সাহা, মুন্না, টিটু এবং রতন কর্মকার।
বিস্ফোরণের পরপরই সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শহরে হরতালের মতো অবস্থা দেখা যায়।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় র্যাব, পুলিশ ও বিডিআর।
নেত্রকোনা হাসপাতালে আহতদের চিকিৎসার জন্যে আনার পরপরই হাসপাতালে আত্মঘাতী বোমা হামলাকারী ব্যক্তি রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পূর্বে ভর্তি থাকা অনেক রোগী ভয়ে হাসপাতাল ত্যাগ করে। বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের বহির্বিভাগ।
জেএমবি’র উত্থানের পর তারা গত ১৪ অক্টোবর প্রথমবারের মতো আত্মঘাতী বোমা হামলা চালায়। ঝালকাঠিতে সংঘটিত ওই হামলায় দু’জন বিচারক নিহত হন।
১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্যে বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।
২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে আবার হামলা চালানো হলে একজন নিহত ও ২০ জন আহত হয়।
