বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
খুলনা-মংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নির্মাণ শ্রমিক নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মংলাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসযাত্রী নির্মাণ শ্রমিক পরিতোষ মন্ডল (৩৬) নিহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে বাগেরহাট ও খুলনায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত পরিতোষ মন্ডলের বাড়ী ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে। সে বাসে করে দ্বিগরাজ যাচ্ছিল।
