খাদ্য, ক্ষুধা সংক্রান্ত প্রতিবেদনের জন্য পুরস্কার দেবে ডাব্লিউএফপি
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দেশের খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা সংক্রান্ত প্রতিবেদনের জন্য বার্ষিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে ডাব্লিউএফপি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডগলাস ব্রডেরিক বলেন, আমরা আশা করি, এর মধ্য দিয়ে দু’বেলা খাদ্য বঞ্চিত দেশের হতদরিদ্রদের নিয়ে লিখতে এবং তাদের কথা বলতে গণমাধ্যমের সাথে জড়িতরা উৎসাহিত হবে।
বিশ্ব খাদ্য কর্মসূচি আয়োজিত ‘ন্যাশনাল মিডিয়া সেমিনার অন ফুড সিকিউরিটি ফর দ্য আলট্রা-পুওর’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
ব্রডেরিক বলেন, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় ও স্থানীয় বাংলা, ইংরেজি দৈনিকে প্রকাশিত এবং টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুসন্ধানী এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদনকে বিবেচনা করা হবে। শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা এবং রানার্স আপ ৩০ হাজার টাকা। ঢাকার বাইরে থেকে প্রকাশিত ইংরেজি কিংবা বাংলা দৈনিকের জন্য ২০ হাজার টাকা মূল্যমানের বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
২০০৬ সালের অক্টোবরে বিশ্ব খাদ্য দিবসে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ডগলাস ব্রডেরিক বলেন, ‘আশা করি, বিশ্ব খাদ্য নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
সেমিনারে মডারেটরের ভূমিকা পালন করেন অধ্যাপক সাখাওয়াত আলী খান এবং ‘গণমাধ্যম ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন মঞ্জুরুল আহসান বুলবুল।
