২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সন্দেহে সারাদেশে ৮ জন গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে সারা দেশে বুধবার রাতে ও বৃহস্পতিবার পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মেহেরপুর, নোয়াখালী, নারায়নগঞ্জ ও শেরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর থেকে বৃহস্পতিবার সকালে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ  মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে জামাল উদ্দিন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল উদ্দিনকে মেহেরপুর জেলার সদর থানার হোটেলগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ নেয়াখালী প্রতিনিধি জানান, বুধবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ওবায়েদুল-্যাহর খবরের প্রেক্ষিতে পুলিশ মোঃ ইউছুফ (২৫) নামে এক ব্যক্তিকে রাজগঞ্জ বাজার মসজিদ থেকে গ্রেপ্তার করে। পরে ইউছুফের স্বীকারোক্তি অনুযায়ী অপর ৩ সহযোগী ওমর ফারুক (৩২), মোঃ রেজাউল করিম (২৭) ও আবু জাফর (২৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ গ্রেফতারকৃত সন্দেহভাজন জেএমবি সদস্যদের কোর্টে প্রেরণ করে রিমান্ড চাইবে। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সততা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন গ্রামে ভ্রাম্যমান দর্জি বিজ্ঞান কলেজের মাধ্যমে বেকার যুবক-যুবতীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ নারায়নগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লা থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে থানার মুসলিমনগর এলাকা থেকে জেএমবি সন্দেহে দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলো- আব্দুল মালেক (৫৩) এবং নুরুল হক (৪৫)। তবে তারা উভয়েই নিজেদেরকে গার্মেন্টস শ্রমিক বলে দাবি করছে। 

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মসজিদের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় বুধবার রাতে পুলিশ জেএমবি সন্দেহে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওরফ ডাকসু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিআর কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।