জেএমবির হুমকি: ‘সাবেক এমপিকে হত্যা ও বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়া হবে’
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) হুমকি অব্যাহত রয়েছে।
বুধবার তারা চাঁপাইনবাগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সিরাজগঞ্জে আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি আব্দুল লতিফ মির্জাকে হত্যার হুমকি দিয়েছে। এছাড়া সাতক্ষীরায় বিজয় দিবসের অনুষ্ঠান, ময়মনসিংহ পৌরসভা কার্যালয়, ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্রাবাস ও অধ্যক্ষের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এবং তৎকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ মির্জাকে বুধবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য পরিচয়ে কে বা কারা মোবাইলে বোমা মেরে প্রাণনাশের হুমকি দিয়েছে।
মোবাইলে মির্জা লতিফকে জেএমবি’র কর্মকাণ্ডের বিরুদ্ধে সভা--সমাবেশে বক্তব্য না রাখতে হুশিয়ার করে দেওয়া হয়। অন্যথায় জেএমবি’র আত্মঘাতী স্কোয়াড বোমা মেরে তাকে হত্যা করবে।
এদিকে মঙ্গলবার ফৌজদারী আদালতের দুই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম ও মনিরা বেগমকেও প্রচলিত আইনে বিচারকার্য পরিচালনা না করে ইসলামী আইনে বিচারকার্য সম্পাদন করার কথা বলে এরকম হুমকি দেওয়া।
হুমকির পর কোর্ট চত্বরে পুলিশী নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক নুরুল ইসলাম চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
চিঠিতে বলা হয়েছে, কাফনের কাপড় কিনে প্রস্তুত থাকুন, ভাল--মন্দ খেয়ে নিন। আপনার ভবনেই বোমা মারা হবে এবং পুলিশ সুপারকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, তিনি আলাদাভাবে কোনও চিঠি পাননি।
এর আগেও তাকে একাধিকবার চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।
জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে প্রেরক হিসেবে ‘জেএমবি’র ভাইয়েরা’ ছাড়া কোনও নাম--ঠিকানা ছিল না।
বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতাক্ষীরা স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বোমা হামলা করা হবে বলে জেএমবি বুধবার এক চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে।
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডাকযোগে পাঠানো এক চিঠিতে আরও জানান হয়, জেএমবি বিজয় দিবসের অনুষ্ঠানের সময় স্টেডিয়ামে অবস্থান নেবে এবং কাশেমপুর, থানাঘাটা ও রসুলপুর ছাত্রছাত্রীদের যাতে কোন ক্ষতি না হয় সেই সতর্ক বার্তা দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের অংশ নিতে নিষেধ করা হয়।
এ ব্যাপরে স্কুলের প্রধান শিক্ষক থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, বুধবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে বলা হয়, আল্লার আইন ও দূর্নীতি মুক্ত পৌরসভা উপহার দিতে জেএমবি পৌর কার্যালয়ে বোমা হামলা চালাবে।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনী জেলা প্রশাসকের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দিয়ে চিঠি দিয়েছে হিজবুত তাওহিদ।
এই জঙ্গি সংগঠনের জেলা কমান্ডার নুরুল আফসার সোহাগ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সাত দিনের মধ্যে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েকৃত মামলা তুলে নেয়া না হলে ডিসি অফিসে হামলা চালনো হবে।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি বুধবার হরগঙ্গা কলেজ ছাত্রাবাস ও অধ্যক্ষের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ।
এ ব্যাপারে অধ্যক্ষ মহিউদ্দিন নিয়াজী বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
কলেজে জেএমবি আতংক ছড়িয়ে পড়লে বুধবার ক্লাস হয়নি।
এ প্রসঙ্গে পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, চিঠিটির বিষয়ে তদন্ত চলছে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, ইসলামি শিক্ষা চালু না করলে নীলফামারীর চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বোমা মেরে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ডাকযোগে এ চিঠি পেয়ে প্রধান শিক্ষক আবদুস সামাদ বসুনিয়া বুধবার চিলাহাটিতে পুলিশের অভিযোগ তদন্ত কেন্দ্রে একটি জিডি করেছেন।
