নীলফামারীতে জামায়াত নেতার তত্ত্বাবধানে জঙ্গি প্রশিক্ষণ
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুল আজিজের নেতৃত্বে অন্তত ৩০ জন ছাত্রকে অস্ত্র চালনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই জঙ্গি প্রশিক্ষণে তাকে সহায়তা করেছে আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক।
সরেজমিনে জানা জায়, গভীর রাতে পঞ্চপুকুর হাইস্কুল ও অধুনালুপ্ত আরডি-৯ প্রকল্পের অফিসকে ব্যবহার করা হতো প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে। গভীর রাতে জেএমবির উচ্চ পর্যায়ের নেতারা এসে বোমা তৈরি, হামলা ও অস্ত্র চালনার কলাকৌশল শেখাতো। এই ইউপি চেয়ারম্যান কিসামত চড়াইখোলা দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা।
গত কয়েক দিন ধরে মওলানা কাজী আবদুল আজিজ গা ঢাকা দেওয়ায় সাংবাদিকরা তাকে তার শহর ও গ্রামের বাড়ি, ইউপি কার্যালয় ও তার মাদ্রাসায় খোঁজ করেও পাননি।
জঙ্গি কানেকশনে অন্যতম শীর্ষ সন্দেহভাজন মওলানা কাজী আবদুল আজিজ সম্পর্কে সদর থানার ওসি সোহরাব আলী জানিয়েছেন, পুলিশের ভয়ে সে পালিয়ে গেছে। তবে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে তিনি জানিয়েছেন, বিশেষ কাজে তিনি এখন নীলফামারীর বাইরে আছেন। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগ হলে আইন প্রয়োগকারী সংস্থা দেখবে।
এলাকাবাসী জানিয়েছে, আবদুল আজিজ ও তার তিন সহযোগী পঞ্চপুকুর হাইস্কুলের বিএসসি শিক্ষক হারুন, চড়াইখালা মাদ্রাসার শিক্ষক আবদুর রাজ্জাক ও কচুকাটা মাদ্রাসার শিক্ষক মওলানা মমিনুর রহমান জেহাদের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা ছাত্রদের মোটিভেশনের কাজ করতেন আর বোমা ও অস্ত্র চালনার প্রশিক্ষণ দিতো বাইরের লোকজন এসে। পাঁচটি ব্যাচে ৩০ জন মাদ্রাসা ছাত্রকে জেহাদের চেতনায় উদ্বুদ্ধ করে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার আগে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী প্রশিক্ষিত এরকম ১০ জন জঙ্গি মাদ্রাসা ছাত্রের নাম ঠিকানা পুলিশের কাছে দিয়েছে। বাকী ২০ জন অপরিচিত হওয়ায় তারা তাদের নাম ঠিকানা দিতে পারেননি। পুলিশ সুপার শোয়েব আহমেদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
জঙ্গি প্রশিক্ষক মাওলানা আব্দুল আজিজ চারদলীয় ঐক্য জোটের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।
