২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে ঢাকায় ত্রি - মহাদেশীয় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে

উৎসবের অন্যতম বৈশিষ্ট হচ্ছে, প্রদর্শিত প্রতিটি ছবি ফরাসী সরকারের সাউথ ফান্ডের চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রাপ্ত ও কারিগরি অনুদানে নির্মিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 02:24 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

উদ্যোক্তারা জানান, সাউথ ফান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন। স্থানীয় ফরাসী দূতাবাসের উদ্যোগে ও স্টার সিনেপ্লেক্সের আগ্রহে ১২টি দেশের নির্বাচিত ১২টি ছবি নিয়ে মোট ২০টি দেশে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সপ্তাহব্যাপী এই উৎসবে তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না (বাংলাদেশ), নাবিল আউচ পরিচালিত আলী জাওয়া (মরোক্কো), লুক্রিসিয়া মারতেন পরিচালিত লা সিয়েনাগা (আর্জেন্টিনা), রিথী পান পরিচালিত দি রাইস পিপল (কম্বোডিয়া), জিব্রাইল মোমবেতি পরিচালিত হায়না (সেনেগাল), রামাদান সোলেমান পরিচলিত জুলু লাভ লেটার (আফ্রিকা), বখতিয়ার কুদাজারভ পরিচালিত লুনা পাপা (তাজাকিস্তান), জিয়া জাঙ্কে পরিচালিত প্লাটফর্ম (চীন), মফিদা তালাতদি পরিচালিত সাইলেন্স অব দি প্যালেস (তিউনেসিয়া) এবং জিয়াদ দাউরি পরিচালিত ওয়েস্ট বৈরুত (লেবানন) চলচ্চিত্র প্রদর্শিত হবে।

৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের এক নম্বর থিয়েটারে প্রতিটি ছবির দুটি করে প্রদর্শণী অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর, বুধবার বসুন্ধরা সিটি বন্ধ থাকায় ঐ দিন প্রদর্শিত ছবিগুলোকে কেন্দ্র করে জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে একটি আলোচনা সভা এবং উৎসবের শেষ দিনে দর্শক আগ্রহ সৃষ্টিকারী ৪টি ছবির অতিরিক্ত প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।