২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার সৌদিআরব যাচ্ছেন

ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)’র শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইসলামী রাষ্ট্রসমূহের ৫৭ সদস্য বিশিষ্ট সংগঠন ওআইসি’র এ গুরুত্বপূর্ণ সম্মেলন ৭ ও ৮ ডিসেম্বর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ এর আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগদানকারী ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রোববার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের জানান, গুরুত্বপূর্ণ এ শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার  করা হবে। কয়েকটি সদস্য রাষ্ট্র কর্তৃক উত্থাপিত আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কেন্দ্র (ইন্টারন্যাশনাল কাউন্টার--টেরোরিজম সেন্টার) স্থাপনের প্রশ্নে আলোচনা করা হবে।

তিনি বলেন, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসি’র গৃহীত দশ বছরের কর্ম পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা করা হবে। মুসলিম চিন্তাবিদ ও পণ্ডিতরা ৯ থেকে ১১ সেপ্টেম্বর মক্কায় অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ খসড়া প্রণয়ন করে।

৯ ডিসেম্বর দেশে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কয়েকটি দ্বি--পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

মোরশেদ খান জানান, শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ ওআইসি’র নাম ও সনদ পরিবর্তন এবং এর সচিবালয় শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন।

এসময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান এবং পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন উপস্থিত ছিলেন।