এসসিবিএ সভাপতিকে পুনরায় জেএমবির চিঠি
সুপ্রিম কোর্টে বোমা হামলা চালানোর হুমকি দিয়ে আবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের কাছে চিঠি পাঠিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টে বোমা হামলা চালানোর জন্যে ইতোমধ্যেই দু’জন জেএমবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠির প্রেরক নিজেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. আলমাস মোড়লের পুত্র মো. বগা লোকমান হিসেবে পরিচয় দেয়। সে গাজীপুরে বোমা হামলা চালিয়েছে বলে চিঠিতে উল্লেখ করে।
চিঠি পাওয়ার পর সুপ্রিম কোর্টের আইনজীবীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তারা বেশ আতংকে আছেন।
এ ব্যাপারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেন্ডেন্ট নিমেশ চন্দ্র দাস সোমবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসময় তিনি খামসহ চিঠিটি পুলিশের কাছে জমা দেন।
চিঠিতে লোকমান তার গ্রামের ইউসুফের পুত্র মো. কানা কবিরকে তার সহযোগী বলে উল্লেখ করে। ২৮ নভেম্বর একই ধরনের হুমকি দেওয়ার পর কবিরকে বোমা বহনকারীর দায়িত্ব দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ঢাকা জেএমবির যুগ্ম সম্পাদক পরিচয়ে মাওলানা আলী আজম নামে এক ব্যক্তি ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের হত্যার হুমকি দেয়। তাতে বলা হয়, ঘুষ নিয়ে রায় দেওয়ার কারণে তাদের হত্যা করা হবে।
এ ব্যাপারে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, জেএমবির নামে পাঠানো এ ধরনের চিঠি পেয়ে তারা উদ্বিগ্ন।
তিনি বলেন, পরপর দু’বার জেএমবির হুমকি সম্বলিত চিঠি পাওয়ার পর থেকে আমরা চরম আতংকে দিন কাটাচ্ছি এবং মানসিক চাপের মধ্যে আছি। পুলিশকে আমরা এ ব্যাপারে অবহিত করেছি এবং পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
এসসিবিএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম অভিযোগ করে বলেন, বোমা হামলার ব্যাপারে তাদের চলমান আন্দোলনকে ব্যাহত করতেই ইসলামী জঙ্গিরা এ ধরনের চিঠি দিচ্ছে।
তিনি বলেন, সরকারের প্ররোচনায় জঙ্গিরা আইনজীবীদের আন্দোলন বন্ধ করতে এ ধরনের হুমকি দিচ্ছে। সরকার এখনও তাদের আশ্রয় এবং অর্থ যোগাচ্ছে। জঙ্গিদের আড়াল করতেই প্রধানমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখছেন। বোমা হামলাকারী এবং তাদের পৃষ্ঠপোষকরা গ্রেপ্তার করে শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
