চট্টগ্রামে আটক আকাশ ও মিন্টু আত্মঘাতী দলের সদস্য
চট্টগ্রামে রোববার আটক দুই জঙ্গি আকাশ ও মিলন ইসলাম মিন্টুকে পুলিশ জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলে সন্দেহ করছে।
এ দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের বোমা হামলার হোতা জুয়েলকে সোমবার বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয় বলে সিএমপি সূত্র জানিয়েছে।
এ ছাড়া এ দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল থেকে ওয়ালিদ নামে অপর এক জঙ্গিকেও আটক করা হয় ।
পুলিশ সূত্র জানিয়েছে, আকাশ ও মিন্টুর কাছ থেকে দেশে জেএমবির আত্মঘাতী হামলার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তারা পরবর্তী আত্মঘাতী হামলার প্রস্তুতি নিয়ে টাঙ্গাইল ও গাজীপুর থেকে চট্টগ্রাম এসেছে বলে পুলিশের উর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে।
রোববার রাত ও সোমবার সারাদিন সিএমপির গোয়েন্দা কার্যালয়ে এ দুই জঙ্গিকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের উর্ধ্বতন কর্র্মকর্তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে।
সিএমপি কমিশনার মাজেদুল হক স্বয়ং উপস্থিত থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ কার্যক্রম সমন্বয় করছেন।
দুই জঙ্গি আকাশ ও মিন্টুকে ঘিরে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে প্রচণ্ড ব্যস্ততা লক্ষ্য করা গেছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সিএমপি কার্যালয় ও আশপাশের এলাকায়। সাংবাদিকদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুলিশের কোনও কর্মকর্তা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেননি।
নাম প্রকাশে অনিচ্ছূক এক কর্মকর্তা বিডিনিউজকে জানিয়েছেন, দুই জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যে জেএমবির কার্যক্রম ও নেটওয়ার্ক আমাদের কাছে অনেক স্পষ্ট হয়েছে।
