নারায়ণগঞ্জে জেএমবি সন্দেহে আটক ৩
নারায়ণগঞ্জের আদালত পাড়া ও বন্দরের ফরাজী কান্দা এলাকা থেকে পুলিশ শনিবার জেএমবি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে জেএমবি’র বেশ কিছু প্রকাশনা ও জেহাদী লিফলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সাইদুর রহমান শিপলু (২২), জয়নাল আবেদীন (৩০) এবং ইয়াহিয়া (৩২)।
পুলিশ জানায়, শনিবার ভোরে বন্দর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরাজী কান্দা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জেএমবি সদস্য সাইদুর রহমান শিপলুকে (২২) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ১৭ আগস্ট নারায়ণগঞ্জে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
অন্যদিকে শনিবার দুপুরে আদালত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ জয়নাল ও ইয়াহিয়াকে গ্রেপ্তার করে।
