২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মেয়রকে লক্ষ করে গ্রেনেড নিক্ষেপ: বিষ্ফোরিত না হওয়ায় রক্ষা, রোববার অর্ধদিবস হরতাল (২য় লিড)

সিলেটের টিলাগড় এলাকায় শুক্রবার রাতে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধনকালে সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে লক্ষ্য করে অজ্ঞাত দুস্কৃতিকারীরা গ্রেনেড হামলা চালিয়েছে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 10:07 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে বক্তৃতা দানকালে হঠাৎ শব্দ করে গেনেডটি তার ২/৩ গজ দূরে এসে পরে। উপস্থিত সকলে পেছনে ঘুরে কালোমত বস্তুটি দেখতে পেয়ে ছুটে পালাতে শুরু করে।  এসময় ছুটতে গিয়ে মেয়র উল্টে পড়ে গেলে লোকজন তাকে তুলে দ্রুত কাছাকাছি একটি মসজিদে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় কমিশনার আজাদুর রহমান আজাদের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এদিকে মেয়রের ওপর এ হামলার প্রতিবাদে সন্ধায় নগরীতে বিক্ষোভ সমাবেশ হয়। এক পথ সভা থেকে আগামী রোববার সিলেটে অর্ধদিবস হরতাল ঘোষণা করা হয়। এছাড়া শনিবার নগরীতে দিনভর প্রতিবাদ সমাবেশ পালনের ঘোষণা ও বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়েছে।

সেখানে মেয়রকে বেশ বিপর্যস্ত মনে হচ্ছিলো। এসময় জানতে চাওয়া হলে মেয়র বিডিনিউজকে বলেন, এটা আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে রয়েছি। তিনি জানান, এর আগেও আমার ওপর হামলা হয়েছে এবং বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

গত ২০০৪ সালে ৭ আগস্ট সিলেট মহানগর আওয়ামী লীগের বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রহীমসহ কয়েকজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলকাটি ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্যে পুলিশের বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। বর্তমানে র‌্যাব ও পুলিশ গ্রেনেডটি একটি পানিভর্তি বালতিতে রেখে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।