আটক জেএমবি’র আত্মঘাতী বোমা হামলাকারীকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পঙ্গু হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে।
আত্মঘাতী জেএমবি সদস্য মামুন ১৪ নভেম্বর ঝালকাঠি বোমা হামলা চালায়। ওই হামলায় দুই বিচারক নিহত হয়। অন্যদিকে আব্দুর রাজ্জাক ১ ডিসেম্বর গাজীপুর ডিসি অফিসের সামনে বোমা হামলা চালায়। হামলায় একজন নিহত হয় এবং রাজ্জাকও গুরুতর আহত হয়।
র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত ৩০ সদস্যের একটি টিম পঙ্গু হাসপাতালে ২৪ ঘন্টা তাদের পাহারায় রয়েছে।
আহত জেহাদীদের সঙ্গে কাউকে, এমনকি সাংবাদিকদেরও কথা বলার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় পুলিশও আক্রান্ত হওয়ায় সারাদেশে পুলিশের মাঝে আতংক বিরাজ করছে।
সচিবালয়ে দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানান, জঙ্গিদের টার্গেট এখন বিচারক, পুলিশসহ সকলেই। তাদের কাছ থেকে কেউই নিরাপদ নয়। তিনি জানতে চান, দেশে এখন নিরাপদ কে?
ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান সারাদেশে পুলিশ বাহিনীকে নৈতিকভাবে আরো শক্ত থাকার কথা বলেন। তিনি বলেন, সারাদেশে পুলিশকে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, দেশে যখন আত্মঘাতী বোমা হামলা নতুন কাজেই এর সাথে আমাদের মানিয়ে চলতে হবে।
এদিকে গত ২৪ ঘন্টায় পুলিশ সাভার, কুমিল্লা, বাগেরহাট, শরীয়তপুর, ঠাকুরগাঁও এবং সিলেট জেলা থেকে জেএমবির ৫৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ আগস্টের পর এ নিয়ে দেশে মোট ৬৯৬ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ ১৭ আগস্টের ঘটনায় ১৮২ টি মামলায় এ পর্যন্ত ৫৭ টি চার্জশীট প্রদান করেছে।
যে কোন হামলার আশংকায় র্যাব এবং পুলিশকে সতর্ক রাখা হয়েছে।
