২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বোমা হামলার ঘটনায় ২টি মামলা, শহর থমথমে

গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবারের বোমা হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দারোগা ফিরোজ তালুকদার বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিস্ফোরক দ্রব্য আইন এবং সরকারি কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে বোমা হামলায় পৃথক ধারায় দায়েরকৃত মামলা দুটিতে আত্মঘাতী হামলাকারী আব্দুর রাজ্জাক ও অজ্ঞাতদের আসামি করা হয়েছে। 

অন্যদিকে একদিনের ব্যবধানে দুই দফা হামলায় শহরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নতুন করে হামলার আশংকায় লোকজন ঘর থেকে বের হচ্ছে না, এমনকি ব্যবসা--বাণিজ্য দোকান পাটও বন্ধ রেখেছে।   

শহরে র‌্যাব, সশস্ত্র পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা শহরের একাধিক মাদ্রাসা ও বস্তি এলাকায় ব্লক রেইড দিয়ে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ সূত্র জানায়, তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড প্রার্থনা করা হবে।