২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফলেট বিতরণকালে হিজবুত তাওহীদের ১৩ জনসহ সারাদেশে জঙ্গি সন্দেহে ৩৮ জন গ্রেপ্তার

সারাদেশে জঙ্গি সন্দেহে গত ২৪ ঘন্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১২ জন, মুন্সীগঞ্জে ৬ জন, রাজশাহীতে ৫ জন, সিরাজগঞ্জে ৩ জন, পঞ্চগড়ে ৩ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাওয়ে ২ জন, মৌলভীবাজারে ২ জন এবং খুলনা বাগেরহাটে একজন করে জঙ্গি সদস্য গ্রেপ্তার হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মুন্সীগঞ্জ ও রাজশাহীতে হিজবুত তাওহীতের লিফলেট বিতরণকালে সংগঠনের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা শহরের একাধিক মাদ্রাসা ও বস্তি এলাকায় ব্লক রেইড দিয়ে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ সূত্র জানায়, তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড প্রার্থনা করা হবে।

হামলার আশঙ্কায় লোকজন ঘর থেকে বের হচ্ছে না, এমনকি ব্যবসা-বাণিজ্য দোকান পাটও বন্ধ রেখেছে।    

শহরে র‌্যাব, সশস্ত্র পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, লৌহজং উপজেলায় শুক্রবার তন দফায় লিফলেট বিতরণকালে জেএমবি সন্দেহে  মোট আট জনকে র‌্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে সহস্রাধিক লিফলেট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জের মতিন (২৪), নরসিংদি জেলার বেলাবোর মাহে আলম (২৫), বগুড়া’র  ধুনট এলাকার মাজেদুল (২২), কুষ্টিয়ার কোর্টপাড়ার তানজিল হোসেন (১৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মশিউর রহমান (৩৮) ও মেহেরপুরের গাংনীর জাহাঙ্গীর জোয়ারদার (৩০)।

রাত সাতটার দিকে লৌহজংয়ের মালির অঙ্ক নামক স্থানথেকে আরো দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ময়মনসিংহের সাকিব (২১) ও নরসিংদির আলী হোসেন (২৫)।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত লিফলেটের উপরের অংশে লেখা ছিল ‘ ইসলামী সশস্ত্র সংগ্রাম ছাড়া ইসলাম কায়েম করা যাবে না’। লিফলেটের শীর্ষ স্থানে হিজবুল তাওহীদের নামও লেখা ছিল।

সূত্র জানায়,  লৌহজং উপজেলার হলুদিয়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের এক নাম কীর্তন অনুষ্ঠানের প্রস্তুতির সময়ে তিনজন ইসলামী জঙ্গী  দলের সদস্য লিফলেট বিতরণ করতে যায়। স্থানীয় ইউপি মেম্বার শংকর তখন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের লিফলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার পশ্চিম কুমারভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে র‌্যাব লিফলেট বিতরণকালে একই ইসলামী সংগঠনের অপর তিন জঙ্গিকে গ্রেফতার করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পুলিশ শুক্রবার বেলা ১২ টার দিকে হিজবুত তাওহীদের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে। নগরীর মেহেরচন্ডী এলাকায় একটি মসজিদের কাছে ‘প্রকৃত ইসলামের ডাক’ শীর্ষক লিফলেট বিলি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো তারা মিয়া (টাঙ্গাইল), মোমিনুল ইসলাম (নওঁগা), মিজানুর রহমান মিন্টু (রাজশাহী) ইয়াসিন আলী (রাজশাহী) ও পিয়ারুল (রাজশাহী। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশ সূত্র জানায়, আটককৃতদের মধ্যে পিয়ারুলের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও পোড়াদহ থানায় জঙ্গী তৎপরতা বিষয়ে মামলা রয়েছে। 

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার উল্লাপাড়া থানা পুলিশ সন্দেহভাজন জেএমবি সদস্য আব্দুল জলিল (৩২), জিয়াউর রহমান (২২) এবং মোহাম্মদ মাকসুদুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুইজনকে উল্লাপাড়া এবং অপরজনকে বগুড়া জেলার জোড়াগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোররাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়ারচর জামে মসজিদে  বিশেষ অভিযান চালিয়ে বাকুয়া কওমী মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সোয়াইল গ্রামের জিয়াউর রহমানকে আটক করে।

আটককৃতদের তথ্যানুযায়ী রাতেই দ্বিতীয় দফা অভিযান চালিয়ে পুলিশ বগুড়া জেলার জোড়াগাছা গ্রাম থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান নামে আরও এক জঙ্গিকে আটক করে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, সেখানে জঙ্গি বিরোধী অভিযান জোরদার হয়েছে। পঞ্চগড় ও দেবীগঞ্জ পুলিশ জঙ্গি সন্দেহে ৩ জনকে আটক করেছে। এরা হচ্ছে জাকির উদ্দিন (৩০), হাফিজুর রহমান হাফিজ (২৭) ও সামসুল হুদা (২২)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে পঞ্চগড় সদর হাসপাতালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ হাফিজকে আটক করে। সে একেক সময় নিজ বাড়ি একেক জায়গায় বলে উল্লেখ করে। এর আগে পঞ্চগড় থানা পুলিশ বৃহস্পতিবার সামসুল হুদা ও দেবীগঞ্জ থানা পুলিশ জাকির উদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে জাকির তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানিয়েছে। তিনজনকেই জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে  জেএমবি সন্দেহে আটক মোয়াজ্জেম হোসেন (১৮) আল্লাহর রাস্তায় শহীদ হতে চায়। পুলিশ শুক্রবার শহরের মদিনা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়,  মোয়াজ্জেম লালমনিরহাট জেলার বৈরাতি গ্রামের কৃষক বাদশা মিয়ার পুত্র। সে এসএসসিতে ফেল করে  ঢাকায় গার্মেন্টেসে চাকরি নেয় এবং পরে কয়েকজন সহকর্মীসহ চাঁদপুর যায়। সেখানে কিছু দিন থাকার পর বৃহস্পতিবার ফেনী আসে। ফেনী থেকে ঢাকায় ফোনে আলাপকালে ফোনের দোকানের উপস্থিত  সবার সন্দেহ হয়। পুলিশ খবর পেয়ে এসে তাকে আটক করে।

মোয়াজ্জেম সাংবাদিকদের জানায়,  বিভিন্ন সময়ে সে তাবলিগ জামায়াতে যেত। তাবলিগে যাওয়ার পর মনে হয় আল্লাহর আইন প্রতিষ্ঠায় তার কিছু করা উচিত। তাই সে আল্লাহর রাস্তায় শহীদ হতে চায়।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সন্দেহভাজন এক জেএমবি ক্যাডারকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে কারারক্ষীরা মোঃ আব্দুল কুদ্দুস (৩৩) নামের এই সন্দেহভাজন জঙ্গীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাগেরহাট জেলা কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল কুদ্দুস কারাগার জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসে। নামাজ শেষে সে জেলার ও জেলসুপার সম্পর্কে কটুক্তি করে। পরে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। বাগেরহাট থানা পুলিশ জানায়, সন্দেহভাজন জেএমবি ক্যাডার কুদ্দুসকে শুক্রবারই বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তার ব্যাপারে পুলিশী তদন্ত চলছে। কুদ্দুস পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কালাই গ্রামের মোঃ আবুবক্করের পুত্র।

বিডিনিউজের মেহেরপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে পুুুলিশ জেএমবি সন্দেহে কুড়িগ্রামের ওলিপুর উপজেলার যমনুা ব্যাপারী পাড়া গ্রাম থেকে তিন যুবককে আটক করেছে।

পুলিশ জানায়, সন্দেহজনক ঘোরাফেরা করার সময় পাঁচপীর কেরামতিয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, ইমরান খন্দকার ওরফে শাহিন পারভেজ (১৮), শহিদুল্লাহ (২০) ও আবদুল্লাহ আল হোসাইন ওরফে ফকরুল ইসলাম (১৯)।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ জেএমবির এক মহিলা জঙ্গিসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য হারুন (২৫) এবং মহিলা সদস্য আর্জিনা খাতুন (১৬)। পুলিশ জানায়, আর্জিনার বাবা আসিরউদ্দিন জঙ্গী দলের নেতা এবং তিনি পাঁচ মাস আগে গ্রেপ্তার হন। আসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর আর্জিনা ও তার মা গা ঢাকা দিয়েছিল।  আসিরউদ্দিনের পুরো পরিবার জঙ্গি তৎপরতার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত আর্জিনা জানায়, সে নেংরিহাট স্কুলে নবম শ্রেনীতে পড়ে। জঙ্গী দৎপরতার সাথে জড়িত থাকার বিষয় সে অস্বীকার করে।

আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, টহল পুলিশ শুক্রবার বিকাল ৪টার দিকে সন্দেহজনক ঘোরাফেরার জন্যে শহরের শাহ মোস্তফা রোড থেকে মুজিব উদ্দিন ও মাওলানা নাজমুল হক মহসিনকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা জেএমবি’র সদস্য হতে পারে।

খুলনা প্রতিনিধি জানান, সদর থানা পুলিশ শুক্রবার বিকেলে নগরীর দেবেনবাবু রোড থেকে জঙ্গি সংগঠন র্আলাহর দলের সদস্য আব্দুল কাদের নামে এক যুবককে লিফলেটসহ গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।