আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী, সমাজ হিতৈষী জনগণ ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী তার বাণীতে প্রতিবন্ধীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ৩ ডিসেম্বর বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ পালিত হচ্ছে জেনে আমি খুশি হয়েছি।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে ও তাদের প্রতি সমাজের দায়িত্ববোধ বাড়াতে এ ধরণের উদ্যোগ অর্থবহ অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী বাণীতে আরও বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড ঃ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এ প্রতিপাদ্যের অনুসরণে উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাস্তব কর্মসূচি প্রণয়ন করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকারের উদ্যোগে আমরা বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়ন করে চলেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্যের তাৎপর্যময় উন্নয়ন সম্ভব।
প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কল্যানে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি ও সেচ্ছাসেবী
প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
