২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ইস্যুতে জাতীয় সংলাপ প্রশ্নে জেপি দ্বিধাবিভক্ত

ইসলামী জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উদ্যোগকে কেন্দ্র করে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

দলের একটি অংশ সরকারের ওই আহ্বানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। তারা বৈঠকে যোগ দিতে দলের শীর্ষ নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা করছে।

অপরদিকে, দলের আরেকটি অংশ সরকারের বক্তব্যকে রাজনৈতিক ভাওতাবাজি বলে উল্লেখ করে বলছেন, সরকারের ওই বক্তব্য রাজনৈতিক কৌশলমাত্র।

দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক সচিব কাজী ফিরোজ রশীদ বিডিনিউজকে জানান, প্রধানমন্ত্রীর এ আহ্বানকে আমরা স্বাগত জানাই। তিনি সময়োপযোগী একটি উদ্যোগ নিয়েছেন। জঙ্গি সমস্যা একটি জাতীয় সমস্যা। এক টেবিলে বসেই এর সমাধান খুঁজতে হবে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টি এতে যোগ দেবে।

তিনি বলেন, জঙ্গিরা যা করছে, তা তাদের একটি বিশ্বাস থেকে করছে। তাদের সাথেও পর্দার আড়ালে আলোচনার উদ্যোগ নিতে হবে। কারণ পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সন্ত্রাস কবলিত এলাকার সমস্যার সমাধান কিন্তু আলোচনার মাধ্যমেই হয়েছে। তাদের শুধু জাতির শত্র“, ইসলামের শত্র“ বললেই হবে না, এ জন্য সংলাপের কোনো বিকল্প নেই।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে সংলাপের উদ্যোগ প্রত্যাখ্যানের সমালোচনা করে তিনি বলেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে সকল দলকে ওই সংলাপে যোগ দেওয়া দরকার। অন্ততঃ একটি ইস্যুতে আমাদের একটি টেবিলে বসার দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। সকল ভেদাভেদ ভুলে এক হয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। জামায়াত বা অন্য কোনো দলকে বাদ দেওয়ার প্রস্তাব করে নতুন বিভেদ সৃষ্টি করে কোনো লাভ হবে না।

তবে সরকারের ওই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ শওকত হোসেন নীলু।

তিনি বিডিনিউজকে জানান, এ আহ্বানে কোনো আন্তরিকতা নেই। রাজনৈতিক কৌশল হিসেবে সরকার এটা করেছে। সরকারের কোনো আন্তরিকতা থাকলে আগে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতো। কিন্তু সরকার তা না করে রাজনীতির মঞ্চে আগে বলছে। এটা বলে সরকার ইস্যুটিকে পাশ কাটাতে চাইছে।

শওকত হোসেন নীলু আরও বলেন, জঙ্গী হামলার জন্য বিএনপির নেতারাই জামায়াতকে দায়ী করছে। শুধু তাই নয় ইসলামী দলগুলোও জামায়াতকে দায়ী করছে। কিন্তু জামায়াত সরকারের অংশ। এখন জামায়াত মানে সরকার। অর্থাৎ এর জন্য সরকারই দায়ী। সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এর জন্য দায়ী। তবে এর জন্য নিরপেক্ষ তদন্ত দরকার।

জাতীয় সংলাপে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগে সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিক। তারপর দলীয় ফোরামে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তার আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে তিনি অস্বীকার করেন।