২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ক্রসফায়ারে জনযুদ্ধ’র শীর্ষ সন্ত্রাসী নিহত

খুলনার রূপসা থানার নৌহাটি এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 09:24 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহত সন্ত্রাসী সুমন খুলনার হাজী ইসলাম রোডের বাসিন্দা ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা মাওলানা আব্দুল ওয়াহাব ওরফে বুলবুল-ই-বাংলাদেশের পুত্র।

সুমনের বড় ভাই ও জনযুদ্ধের প্রধান রিপন আহমেদ ওরফে সোহেব ৫ সেপ্টেম্বর র‌্যাবের ক্রসফায়ারে মারা যায়। বড় ভাই মারা যাওয়ার পর জনযুদ্ধের শীর্ষ নেতৃত্ব সুমনের হাতে চলে এসেছিল।

সুমন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলার অন্যতম আসামি।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় র‌্যাবের কাছে সুমন তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

সুমনের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য খুলনার রূপসা থানার নৌহাটি এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এসময় সুমন র‌্যাবের হেফাযত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি রামদা এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব আরও জানায়, সুমনের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।