২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আত্মঘাতী হামলাকারী হোসেন মারা গেছে

চট্টগ্রামের আদালতে আত্মঘাতী বোমা হামলার ৪৮ ঘন্টা পর হামলাকারী জেএমবি সদস্য মোহাম্মদ প্রকাশ আবুল বশর প্রকাশ হোসেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কর্তব্যরত ডাক্তাররা তাকে সকাল ১০টায় ক্লিনিক্যালি ডেড এবং দুপুর ১২.১০ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন হোসেনের মৃত্যুতে চট্টগ্রামে আত্মঘাতী বোমা হামলার তদন্তের পথ এক প্রকার রুদ্ধ হয়ে গেছে। তার মৃত্যুতে তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা ও অন্যান্য সংস্থার সদস্যরা আশাহত হয়েছে।

গত মঙ্গলবার চট্টগ্রামের আদালতের প্রবেশ পথে চেকপোষ্টে  হোসেনের আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ দুই  জন নিহত ও ১৩ পুলিশসহ ১৬ জন আহত হয়েছে।  আত্মঘাতী হামলায় তার দুইপা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তার মৃতদেহ এখন পর্যন্ত হাসপাতালে পড়ে আছে। পরিবারে সদস্যরা নিয়ে না গেলে মৃতদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ঘটনার ৬০ ঘন্টা পর পুলিশ হামলার সাথে জড়িত সন্দেহে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে আদালত ভবনের প্রবেশ পথে চেকপোষ্টের কর্তব্যরত পুলিশরা মজিদ ও ছলিমুল্লাহ নামের দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বাড়ী কক্সবাজারের চকোরিয়া উপজেলায়। তারা পাহাড়ের চূড়ায় অবস্থিত আদালত ভবনে যাওয়ার চেষ্টা করছিলো। সিএমপির গোয়েন্দা দপ্তরে নিয়ে বিভিন্ন সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সিএমপির এসি(ডিবি) মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানিয়েছেন, তাদের কাছ থেকে আরবী ও উর্দুতে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কয়েকদিন আগে তারা সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে।

বুধবার রাতে পুলিশ নগরীর বাকলিয়া এলাকা থেকে হাফেজ জয়নাল আবেদীন কুতুবী নামের আফগানিস্তান ফেরত এক জঙ্গিকে আটক করেছে । রাতভর জিজ্ঞাসাবাদে বিভিন্ন সংস্থার সদস্যরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এইসব তথ্য গোপন রাখা হয়েছে।

তাকে বৃহস্পতিবার রিমান্ডে নেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে রিমান্ড চাওয়া হয়নি। এমনকি কোর্টেও চালান দেওয়া হয়নি। এছাড়া আটক  অপর দুই সন্দেহভাজনকেও গ্রেফতার দেখানো হয়নি।

গাজীপুরে আবারো বোমা হামলার প্রেক্ষিতে সিএমপি কর্তৃপক্ষ সর্Ÿোচ্চ সতর্কতা জারী করেছে। সম্ভাব্য বোমা হামলার ক্ষতি কমিয়ে আনতে কর্তব্যরত পুলিশদের বুলেটপ্র“ফ জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম পরিধান করে পরস্পর থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।