২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের আইনী সহায়তা চেয়েছে নাইকো

গ্যাসের দাম প্রদান না করার বিষয়ে’ হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জ্বালানি মন্ত্রণালয়ের আইনী সহায়তা চেয়েছে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এ সহায়তা চাওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নাইকোর পক্ষ থেকে বলা হয়, তাদের গ্যাসের দাম প্রদান না করার বিষয়ে হাইকোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহারে নাইকো নিজেদের আইনজীবী নিয়ে কাজ করতে আগ্রহী। কিন্তু এর জন্যে তারা সরকারের আইনজীবীদের সহায়তা প্রয়োজন।

মামলাটি সরকারের বিরুদ্ধে হওয়ায় সরকারি আইনজীবীরা এটি পরিচালনা করছেন।

নাইকোর চিঠিতে বলা হয়, আইনী লড়াইয়ের মাধ্যমে হাইকোর্টের এ নিষেধজ্ঞা প্রত্যাহার করা সম্ভব না হলে নাইকোর পক্ষে ফেনীর গ্যাস উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে না।

কয়েকদিন আগে পেট্রোবাংলার পক্ষ থেকে নাইকোকে জানানো হয়, ফেনীর গ্যাসের দাম নির্ধারণ চূড়ান্ত করে গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি (জিপিএসএ) স্বাক্ষর হলেও তারা কোনও অর্থ প্রদান করতে পারবে না। কেননা নাইকোকে গ্যাসের দাম প্রদানের প্রশ্নে হাইকোর্টের নিষেধাজ্ঞা বলবত রয়েছে।

এদিকে মঙ্গলবার পেট্রোবাংলা ফেনীর গ্যাসের দাম প্রতি হাজার ঘনফুট ১ দশমিক ৭৫ মার্কিন ডলার নির্ধারণ করে নাইকোকে জিপিএসএ স্বাক্ষরের আমন্ত্রণ জানায়। কিন্তু নাইকো সরকারের নির্ধারণ করা দাম গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে। একই সাথে তারা প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ৩৫ মার্কিন ডলার নির্ধারণের অনুরোধ করেছে।

এই চিঠিতে আরো বলা হয়েছে, সরকার তাদের অনুরোধ না রাখলে তারা আন্তর্জাতিক আরবিট্রেশনে যাবে। এ লক্ষ্যে নাইকোর পক্ষ থেকে আটটি প্রতিষ্ঠানের নামও প্রস্তাব করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানায়, এখন পর্যন্ত নাইকোর আরবিট্রেশনের প্রস্তাব কিংবা আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের সহায়তার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।