২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ডিসি অফিসের সামনে সুইসাইড হামলাঃ আহত ১০

মঙ্গলবারের ভয়াবহ সুইসাইড হামলার রেশ কাটতে না কাটতেই এবার উগ্র জেহাদীরা হামলা চালালো গাজীপুর ডিসি অফিসের সামনে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

হামলায় কমপক্ষে ১০ গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ।

নৃশংসতম এই হামলা এমন সময় চালানো হলো যখন দেশব্যাপী জেএমবি’র নৃশংস বোমাবাজি, হত্যাকান্ড এবং বিচার ব্যবস্থার উপর হামলার প্রতিবাদে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। 

গাজীপুর পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় জেএমবি’র সুইসাইড দলের এক সদস্যকে তারা আটক করেছে। তাকে কড়া প্রহরায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে শওকত নামের একজনের অবস্থা গুরুতর।

“সকাল আনুমানিক ১১-৪০ মিনিটের সময় গাজীপুর ডিসি অফিসের সামনে প্রচন্ড শব্দে একটি বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এলাকাবাসী,” জানিয়েছেন গাজীপুর পুলিশ।

পুলিশের ধারণা, এই হামলাও নিষিদ্ধ জেএমবি’র সুইসাইড স্কোয়াডের কাজ।

গত মঙ্গলবার গাজীপুর জজকোর্ট লাইব্রেরীতে ভয়ঙ্করতম সুইসাইড হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ৪১ জন আহত হয়। ওই হামলায় সুইসাইড স্কোয়াডের এক তরুণ সদস্যও নিহত হয়। আহত হয় সুইসাইড স্কোয়াডের সন্দেহভাজন অপর সদস্য মাহবুব।

একই দিন উগ্র জেহাদীরা চট্টগ্রামেও একই ধরণের হামলায় চালায়। ওই হামলায় এক পুলিশ সদস্যসহ সুইসাইড দলের সদস্যও ঘটনাস্থলে নিহত হয়।