আত্মঘাতী হামলাকারী হোসেনই চট্টগ্রামের ৩টি বোমা হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ
গুরুতর আহত আত্মঘাতী হামলাকারী হোসেনই চট্টগ্রামে এ পর্যন্ত তিনটি বোমা হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বলে পুলিশ ধারণা করছে।
চট্টগ্রামের আদালতের প্রবেশ পথের চেকপোস্টে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ দু’জন নিহত ও ১৩ পুলিশসহ ১৬জন আহত হয়। গুরুতর আহত আত্মঘাতী হামলাকারী হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার দু’টি পা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
১৭ আগস্ট ও ৩ অক্টোবর চট্টগ্রামে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যনুযায়ী, চট্টগ্রামে সবগুলো বোমা হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারী ছিল যথাক্রমে-- মোহাম্মদ ও মিজান নামে দুই ব্যক্তি। এর মধ্যে মোহাম্মদ একজন বোমা বিশেষজ্ঞ বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আত্মঘাতী হোসেনের জ্ঞান ফিরলে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করে তার সম্পর্কে বিস্তারিত তথ্য বের করার চেষ্টা করছে।
হোসেনের কাছ থেকে উদ্ধার করা তথ্য নিয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বৈঠক করেছেন।
সিএমপি কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী হোসেনই চট্টগ্রামে বোমা হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বলে আমরা ধারণা করছি।
মোহাম্মদ সম্পর্কে ইতোপূর্বে পাওয়া তথ্যের সাথে আত্মঘাতী হামলাকারীর শারীরিক গঠনের অনেক মিল খুঁজে পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
হামলাকারী হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামে। সে নলুয়া বাসেদ খান হাইস্কুলের ভোকেশনাল কম্পিউটার প্রোগ্রাম থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।
শনিবার সে চট্টগ্রামে এসে কোতয়ালী থানা এলাকার হোটেল সুগন্ধার ৪০৩ নম্বর কক্ষে অবস্থান করে। সোমবার বিকেলে সে হোটেল থেকে চলে যায়। সেই রাতে সে কোথায় ছিল, এ সম্পর্কে পুলিশ কিছুই জানতে পারেনি। রানা নামের একজন শনিবার থেকে সোমবার পর্যন্ত তার সাথে ছিলো।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সোমবার রাতে হোসেন কোথায় অবস্থান করেছে, তা বের করা গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করা সম্ভব হবে।
পুলিশ সূত্র জানিয়েছে, ১৭ আগস্ট ও ৩ অক্টোবর চট্টগ্রামে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের হোসেনের ছবি দেখানো হয়েছে। ছবি দেখার পর গ্রেপ্তারকৃতরা বলেছে, হোসেনকে তারা চেনে না। এমনকি মোহাম্মদকেও তারা কখনও দেখেনি।
১৭ আগস্টের পর থেকে চট্টগ্রামের পুলিশ এ দু’জনকে হন্যে হয়ে খুঁজলেও তাদের কোনও ঠিকানা কিংবা ছবি পুলিশের কাছে নেই।
