২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সমস্যা টাটার বিনিয়োগ বাধাগ্রস্ত করবে না

ভারতের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টাটা সন্ত্রাসকে বিশ্বব্যাপী বিরাজমান সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছে, সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কারণে তারা বাংলাদেশে আড়াই শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগে নিরুৎসাহিত হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

টাটা সন্স লিমিটেডের নির্বাহী পরিচালক অ্যালান রসলিং মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সন্ত্রাস এখন একটি আন্তর্জাতিক সমস্যা-- লন্ডন, নিউইয়র্ক এবং দিল্লিতেও বোমা হামলা হয়েছে। বাংলাদেশের এ সমস্যা আমাদের বিনিয়োগের ওপর প্রভাব ফেলবে না।

বাংলাদেশে টাটার বিনিয়োগের অর্থনৈতিক ফলাফল সংক্রান্ত ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) কার্যক্রম সম্পর্কে জানাতে চাইলে তিনি সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান।

তিনি জানান, জ্বালানি, ইস্পাত এবং সার উৎপাদন খাতে বিনিয়োগের ব্যাপারে আলোচনার জন্য তিনি সরকারের এমন এক অথবা দুইজনকে চান, যারা আগামী দুই সপ্তাহের মধ্যে চতুর্থ পর্যায়ের আলোচনার জন্য সময়সূচি ঠিক করবে।

বিগত বৈঠকগুলোকে তিনি সফল বলে উল্লেখ করেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়গুলোর ব্যাপারে গত বৈঠকগুলোতে কোনও ফয়সালা হয়নি বলেও তিনি জানান। অমীমাংসিত ইস্যুগুলো হচ্ছে, গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ, গ্যাস নিরাপত্তা, ভূমি অধিগ্রহণ, কয়লাখনি লিজ দেওয়া ও আর্থিক ক্ষতিপূরণ।

প্রস্তাবিত প্রকল্পগুলোর ব্যাপারে বিরোধী দলের সাথে তাদের কোনও আলোচনা হয়নি বলেও তিনি জানান।

তিনি বলেন, আমরা সরকারের সাথে আলোচনা করছি। আগামী এক বছর পর দেশের জনগণ যদি সরকার পরিবর্তন করে, তাহলে আমরা মনে করি পরবর্তী সরকারও এ চুক্তিকে সম্মান জানাবে। এটি হবে টাটা ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি।

তিনি বলেন, শুধু বাংলাদেশেই নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় এটি একটি নজিরবিহীন বিনিয়োগ প্রস্তাব। এর আগে কেউই তিন শ’ কোটি ডলারের কোনও বিনিয়োগ প্রস্তাব নিয়ে এগিয়ে আসেনি।

আন্তঃসীমান্ত জ্বালানি বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ বা গ্যাস রফতানির ব্যাপারে আমরা এখানে আসিনি। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আমরা আপনাদের গ্যাস কিনতে এবং বিশ্বের বৃহত্তম সার কারখানা স্থাপনের জন্য আমরা আপানাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের ইস্পাত কারখানায় ব্যবহারের পরও পর্যাপ্ত বিদ্যুৎ অবশিষ্ট থাকবে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরই আমরা বাইরে সার রফতানি করব।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী এক সেমিনারে বলেন, এই বিনিয়োগ ইতিবাচক হবে এবং সরকার এ ধরনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছে।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ইআইউ'র ক্লায়েন্ট রিসার্চ বিভাগের গ্লোবাল ডিরেক্টর অ্যান্ড্রু উইলিয়ামসন ‘টাটার প্রস্তাবিত বিনিয়োগে বাংলাদেশে অর্থনৈতিক ফলাফল’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন।

প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং ড. হোসেইন জিল্লুর রহমান প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন এফআইসিসিআই সভাপতি মাহবুব জামিল।