২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী থেকে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

ফেনী থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নাইকো। মঙ্গলবার সকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে নাইকোর নির্বাহী চেয়ারম্যান এডওয়ার্ড এস স্যাম্পসনের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তবে ফেনীর গ্যাসের দাম নির্ধারণ ও গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি (জিপিএসএ) স্বাক্ষর এবং টেংরাটিলার দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায় প্রশ্নে সরকার ও নাইকো নিজ নিজ অবস্থানে অনড় আছে।

এর আগে নাইকো সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছিল, সোমবারের মধ্যে ফেনী থেকে সরবরাহকৃত গ্যাসের দামের বিষয়ে সিদ্ধান্ত না হলে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পরে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ডেডলাইন বাড়ানো হয়েছিল।

জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান নাইকোর নির্বাহী চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন, সরকার প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ১ দশমিক ৭৫ ডলার দিতে প্রস্তুত আছে। আর এ লক্ষ্যে কাজ এগিয়ে নেয়ার জন্যে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর জবাবে নাইকোর পক্ষ থেকে জানানো হয়, আগেই সরকার তাদের প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ১০ ডলার দিতে সম্মত হয়েছিল। কিন্তু নাইকো চেয়েছিল ২ দশমিক ৩৫ ডলার। নতুন করে সরকার আবার কম দাম দিতে চাইলে নাইকো সেটি গ্রহণ করবে না। তবে উপদেষ্টাকে জানানো হয়, দাম নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়ার পর নাইকো পদক্ষেপ নেবে। প্রয়োজনে এটি নিষ্পত্তির জন্যে তারা আরবিট্রেশনে যাবে।

জ্বালানি উপদেষ্টা নাইকোর নির্বাহী চেয়ারম্যানকে জানান, সরকারের পক্ষ থেকে অচিরেই তাদের কাছে টেংরাটিলা দুর্ঘটনার জন্যে পরিবেশ ও পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ চাওয়া হবে। আর এ নিয়ে নাইকোর কাছ থেকে সাড়া পাওয়ার পর সরকার ছাতক (টেংরাটিলা) গ্যাস ক্ষেত্র উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করবে।

জবাবে নাইকোর পক্ষ থেকে বলা হয়, ক্ষতিপূরণ দাবি পাওয়ার আগে এটি নিয়ে কিছু বলা যাবে না। তবে এডওয়ার্ড স্যাম্পসন জ্বালানি উপদেষ্টাক জানান, বাপেক্স--এর সাথে স্বাক্ষর করা জেভিএ অনুসরণ করে তারা ক্ষতিপুরণ দাবির বিষয়টি বিচার করবে।

জ্বালানি মন্ত্রণালয়ের অপর একটি সূত্র জানায়, আলোচনার মাধ্যমে উভয় পক্ষে দূরত্ব কমে আসার প্রেক্ষিতে নাইকো ফেনী থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে।

পুরো বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বুধবার আবারও জ্বালানি মন্ত্রণালয়ের সাথে নাইকোর বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।