২০২৫ সালের মধ্যে দেশে প্রবীণের সংখ্যা এক কোটি ৭০ লাখে পৌঁছবে
দেশে প্রবীণ লোকের সংখ্যা ৮৫ লাখ। প্রতিবছর এ সংখ্যার সাথে নতুন করে যোগ হচ্ছে আরও ৮০ হাজার প্রবীণ। ২০২৫ সালের মধ্যে দেশে প্রবীণ লোকের সংখ্যা এক কোটি ৭০ লাখে পৌঁছবে।
মঙ্গলবার হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘প্রবীণদের স্বাস্থ্যব্যবস্থা ও পল্লী উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা এ তথ্য উপস্থাপন করেন।
বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য ও উন্নয়ন ইস্যুতে বিশ্বের স্বল্প আয়ের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও শিগগিরই প্রবীণ সমস্যা একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, ভিয়েতনামের হেলথ স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ইনস্টিটিউট, যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ইস্ট অ্যাংলিয়া এবং প্রাইমারি হেলথ কেয়ার ইন ল্যাটার লাইফ (ফিল) গ্র“পের সহযোগিতায় ব্র্যাক বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সহাকারী মহাপরিচালক ড. টিমোথি জি. ইভানস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে বক্তব্য রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রবীণ সমস্যা স্বাস্থ্য ও উন্নয়নের ক্ষেত্রে একটি প্রধান সমস্যা হতে চলেছে, কিন্তু এখনও এ বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে না।
২০০১ সালের আদম শুমারির তথ্য উল্লেখ করে তিনি বলেন, দেশে ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশেরও বেশি। ১৯৯০- ১৯৯৫ সালের মধ্যে বার্ধক্যের হার ছিল ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বেশি (২১৯ শতাংশ)।
যেখানে সুইডেন ও যুক্তরাজ্যে বার্ধক্যের হার ৩৩ শতাংশ এবং জার্মানি ৬৬ শতাংশ।
প্রবীণ সমস্যাকে একটি ‘আসন্ন সমস্যা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি এখনও স্বাস্থ্য ও উন্নয়ন সূচির মূল ধারায় নিয়ে আসা হয়নি এবং একটি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।
মন্ত্রী প্রবীণদের জন্য বয়স্কভাতা ও বিধবাভাতাসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আমরা ঝুঁকিপূর্ণ প্রবীণদের মাসিকভাতা প্রদানের উদ্যোগও হাতে নিয়েছি।
তিনি বলেন, বয়স্কভাতা শুরু হওয়ার পর থেকে অনেক প্রবীণ উপকৃত হয়েছেন। জনপ্রতি ১৮০ টাকা করে দেশে ১৫ লাখ লোককে বয়স্কভাতা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিধবা বা স্বামী কর্তৃক পরিত্যাক্ত পাঁচজন গরিব প্রবীণ মহিলাকে মাসে ১৫০ টাকা করে দেওয়া হচ্ছে।
এক্ষেত্রে সরকার ও এনজিও’র যৌথভাবে কাজ করার মাধ্যমে এ সমস্যা দূর করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তিনি কার্যকর প্রচারণার মাধ্যমে প্রবীণদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
