২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার নামে বিদেশী দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকির প্রেক্ষিতে কঠোর নিরাপত্তা

আল কায়েদার নামে বিদেশী দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকির প্রেক্ষিতে বারিধারা কুটনৈতিক পাড়া জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রোববার ই মেইলের মাধ্যমে ঢাকাস্থ মার্কিন দূতাবাসসহ পশ্চিমা দূতাবাসসমূহ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

হুমকির প্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।  ই মেইল প্রেরণকারীকে ধরতে এবং কোথা থেকে এই বার্তা পাঠানো হয়েছে, তা খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে।

র‌্যাব এবং পুলিশকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টহল দিতে দেখা গেছে এবং গোয়েন্দারা কার্যত পুরো কুটনৈতিক এলাকা ঘিরে রেখেছে।

একটি সূত্র বিডিনিউজকে জানায়, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পালা করে নিরাপত্তা ব্যবস্থা এবং টহল এলাকা পরিদর্শন করছেন।

আল কায়েদা রোববার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলো বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে একটি ই মেইল বার্তা প্রেরণ করে। বার্তায় জনৈক মানিক হোসেন নিজেকে দক্ষিণ এশিয়া অঞ্চলে আল কায়েদার সুইসাইড স্কোয়াডের সদস্য দাবি করে জানায়, খুব শিগগিরই বোমা মেরে ঢাকাস্থ পশ্চিমা দূতাবাসসমূহ উড়িয়ে দেয়া হবে।

ই মেইল বার্তায় মানিক তার নিজের ঠিকানা হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নাম উল্লেখ করে।

এদিকে, রোববার সন্ধ্যায় গুলশান ক্লাবের সামনে থেকে আটককৃত নাইজেরিয়ার নাগরিক ডেভিডকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুরিশ জানায়, আটক নাইজেরিয়ান নাগরিকের ভিসার মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে।

ডেভিড পুলিশকে জানায়, ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু ঢাকার ফুটবল লিগে অংশগ্রহনকারী স্বদেশীদের সাথে দেখা করার কথা বললে সে তা প্রত্যাখ্যান করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ডেভিডকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজকে জানান, ডেভিডের কথাবার্তা সন্দেহজনক।

ঢাকা মহনগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, ই মেইল হুমকির ঘটনার সাথে আটক নাইজেরিয়ার নাগরিকের কোন সম্পর্ক নেই। টাকা খোয়ানোর কারণেই সে বাংলাদেশে আটকা পড়ে যায়।

তিনি জানান, ডেভিডকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পেশাল ব্রাঞ্চকে বলা হয়েছে।

ই মেইল হুমকির ব্যাপারে ডিসি জানান, আমি গুলশান থানাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। এছাড়া ই মেইল প্রেরককে খুঁজে বের করার জন্য বার্তাটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পাঠানোর জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম বিডিনিউজকে জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ই মেইল বার্তায় প্রেরকের যে ঠিকানা দেয়া হয়েছে, তার সত্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

একটি গোয়েন্দা সূত্র জানায়, বিদেশী দূতাবাসসমূহও ইমেইল প্রেরককে খুঁজে বের করার চেষ্টা করছে।

ই মেইলে হুমকি প্রদানের ব্যাপারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।