খুলনায় কিশোর রাজু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
খুলনা মহানগরীরর টুটপাড়া এলাকার মেইন রোডের বাসিন্দা রংমিস্ত্রি কিশোর রাজু আহমেদ বাবু হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন সোমবার এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে, ইন্দ্রজিৎ সাহা, এবাদুল ইসলাম ওরফে ওবায়দুল এবং আবু সাইদ। তিনজনই পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৭ মে দুপুরে রাজু আহমেদ ওরফে বাবুকে (১৪) সিনেমা দেখার কথা বলে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এ ঘটনার তিনদিন পর ২০ মে বাবুর পিতা খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি অনুসারে পুলিশ ইন্দ্রজিতকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইন্দজিৎ স্বীকার করে, বটিয়াঘাটা উপজেলার মো. করিম শেখের ছেলে ওবায়দুল ও গোবরচাকা এলাকার মোজদেদ হাওলাদারের ছেলে সাইদ মিলে বাবুকে জবাই করে হত্যার পর লাশ গুম করতে বটিয়াঘাটার আরাফাত প্রকল্পের একটি পুকুরে ডুবিয়ে রাখে।
২০০২ সালের ১৬ ডিসেম্বর খুলনা সদর থানার এসআই শাহ আলম তিনজনকে আসামি করে পুলিশি প্রতিবেদন দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃতুদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আলফাজ হোসেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. সম বাবর আলী।
