পুরনো ঢাকার ব্যবসায়ী শামসুল আলম হত্যা মামলার রায়: ৯ জনের মৃত্যুদণ্ড
পুরনো ঢাকার ব্যবসায়ী শামসুল আলম ও তার পুত্র রাসেলকে হত্যার দায়ে ছাত্রদল নেতা ও পুরনো ঢাকার ত্রাস রফিকুল ইসলাম কাজল ও তার ভাই সিরাজুল ইসলাম ফারুকসহ নয়জনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে।
শামসুল আলম ও তার পুত্রকে ২০০৪ সালের মার্চ মাসে হত্যার পর লাশ ১শ’ ১৯ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়।
ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন সোমবার জনাকীর্ণ আদালতে এ হত্যাকাণ্ডের রায় প্রদান করেন। রায় দানকালে একজন ছাড়া বাকি আসামিরা পলাতক ছিল।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অন্য আসামিরা হল-- আ. রহিম, মলয় সরকার, আবু তালেব ভুট্টো, কাজী নূর কাইয়ুম, কামাল ওরফে নরসিংদী কামাল, মিন্টু এবং নিজাম ওরফে মিরজান। এদের মধ্যে আ. রহিম জেলহাজতে রয়েছে এবং বাকি সবাই পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৩ মার্চ সকাল ১০টায় কাজল টেলিফোন করে ইসলামপুরের সুফিয়ানী মার্কেটের দলিল ফেরত দেওয়ার কথা বলে দুই লাখ টাকাসহ শামসুল হক তার ছেলে রাসেলকে সোবহানবাগ মসজিদের কাছে যেতে বলে।
তারা সেখানে গেলে তাদের মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ২২/সি নম্বরের বাসায় নিয়ে যাওয়া হয়। সুফিয়ানী মার্কেটের বিক্রয়লব্ধ টাকা আত্মসাতের উদ্দেশ্যে সেখানে তাদের ছুরিকাঘাত করে হত্যার পর সন্ত্রাসীরা লাশ টুকরো টুকরো করে গাজীপুর জেলার বিভিন্ন স্থান এবং ধানমণ্ডি আবাহনী মাঠের পাশে ফেলে দেয়।
এ মামলার আসামি রহিম বেনাপোল হয়ে ভারতে যাওয়ার পথে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত রহিম সব ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নিহত শামসুল হকের স্ত্রী ২৭ মার্চ সূত্রাপুর থানায় হত্যামামলা দায়ের করেন। গত বছরের ২ অক্টোবর আদালতে পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়। বিচার চলাকালে ৬৯ জনের মধ্যে রাষ্ট্রপক্ষে মোট ২৩ জনের সাক্ষ্য নেয়া হয়।
একই ঘটনায় শামসুল হকের গাড়ির চালক মোয়াজ্জেমকেও হত্যা করা হয়। এ নিয়ে পৃথক একটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাড. এম সাজাওয়ার হোসেন এবং পিপি আব্দুল লতিফ তালুকদার। উপস্থিত আসামির পক্ষে অ্যাড. মোশাররফ হোসেন কাজল এবং পলাতক আসামিদের পক্ষে অ্যাড. রায়হান মোরশেদ ও শফিকুল ইসলাম মামলা পরিচালনা করেন।
নিহত শামসুল আলমের স্ত্রীর প্রতিক্রিয়া
নিহত ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী মামলার রায় শুনে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তার মন থেকে এখনও ভয় কাটেনি। সন্ত্রাসীরা তাকে এখনও হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি বিডিনিউজকে বলেন, পলাতক আসামিরা তাকে ও তার পরিবারকে অনবরত জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা চান এবং সাজাপ্রাপ্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
