২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সুপ্রিম কোর্টের বিচারকদের হত্যার হুমকি দিয়েছে জেএমবি

এবার সুপ্রিম কোর্টের বিচারকদের হত্যার হুমকি দিয়েছে জেএমবি। ঘুষ খেয়ে রায় দেওয়ার অভিযোগ এনে তারা বিচারকদের এ হুমকি দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি অ্যাড. মাহবুবে আলমের কাছে পাঠানো এক চিঠিতে মাওলানা আলী আজম নামে এক ব্যক্তি নিজেকে ঢাকা জেএমবি’র যুগ্মসম্পাদক উল্লেখ করে বলেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারকই যেহেতু ঘুষ নিয়ে নিু আদালতের রায় বহাল রাখে তাই তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।

ওই চিঠিতে গানম্যান সম্পর্কে প্রশ্ন তুলে বলা হয়েছে, ‘বর্তমানে অনভিজ্ঞ/ঘুষখোর/বিএনপি’র দালাল ছাড়া বিচারক হওয়া যায় না। এমনকি যাদের সনদ নাই, কিন্তু ঘুষ দিতে পেরেছে-- ওই ধরনের লোকজন দলীয় বিবেচনায় বিচারক নিযুক্ত হয়েছে। আপনি কি মনে করেন, গানম্যান দিয়ে তাদের রক্ষা করা যাবে?’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাহবুবে আলম তার প্রতিক্রিয়ায় বিডিনিউজকে বলেন, মৌলবাদী সন্ত্রাসীরা দেশের বিচারবিভাগকে ধ্বংস করে দিতে চাচ্ছে।

তিনি বলেন, তাদের নিজস্ব বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে দেশের শত বছরের ঐতিহ্যবাহী বিচারব্যবস্থাকে ধ্বংস করার জন্যেই তারা বিচারকদের ওপর ও আদালতগুলোতে বোমা হামলা চালাচ্ছে। সরকার এ উগ্র মৌলবাদীদের শস্তি বিধানে ব্যর্থ হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের উচিত এ চিঠির প্রেরককে খুঁজে বের করা।’

এসসিবিএ সভাপতি জানান, বিচারকদের হুমকি দিয়ে পাঠানো এ চিঠির ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

টাইপ করে পাঠানো ওই চিঠিতে প্রেরকের ঠিকানা লেখা রয়েছে, ১৯/৩ ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা।

ওই চিঠিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনি জেনে রাখুন, সুপ্রিম কোর্টর ছয়জন বিচারপতি এবং হাইকোর্টের ৭৫ শতাংশ বিচারপতি ঘুষখোর। এমনকি বিচার কাকে বলে, তারা তাও জানে না। এ সব লোককে জাহান্নামে পাঠাতে হবে। আপনি তাদের রক্ষা করতে পারবেন না।’

ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে কর্মরত বিচারপতিরা নিু আদালত, অর্থাৎ সহকারী জজ কোর্ট যে রায় দেয়, তা বহাল রাখে। সহকারী জজরা বয়সে নবীন। তারা টাকার লোভ সামাল দিতে পারে না, তাই টাকা নিয়ে অন্যায়ভাবে রায় দেয়। ন্যায় বিচারের জন্যে জজ কোর্টে আপিল দায়ের করার পর সহকারী জজ তার ঘুষের ৪০ শতাংশ জজ কোর্টে দিয়ে থাকেন। তৎপরবর্তীতে মহামান্য হাইকোর্টে ন্যায় বিচার চাইলেও পাওয়া যায় না। কারণ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা ন্যায় বিচার কাকে বলে, তা সম্পর্কে জ্ঞাত নন। তারা সহকারী জজের রায় বহাল রাখেন। কাজেই এ সমস্ত বিচারপতিদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। আপনি শত চেষ্টা করেও তাদের রক্ষা করতে পারবেন না।’