‘এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ’
বাংলাদেশে এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রোববার হোটেল শেরাটনে ইউনিসেফ, ইউএসএইডসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে ‘এইচ আইভি/ এইডস: বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রী শামসুল ইসলাম।
তথ্য মন্ত্রী শামসুল ইসলাম বলেন, বিশ্বে এইচআইভি যে গতিতে বাড়ছে, তা থেকে মুক্ত থাকার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যমসহ সকল স্তরের জণগণের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, এ সমস্যা রোধ করার জন্য ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ তথ্য আদান প্রদানে যৌথভাবে কাজ করছে। সরকার সচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
এতে বক্তারা বলেন, বিশ্বে সাত কোটি মানুষ এইচআইভি আক্রান্ত। বাংলাদেশে এইচআইভি আক্রান্তর সংখ্যা প্রায় ২০ হাজার। বিশ্বে প্রতিদিন ১৪ হাজার মানুষ এইডসে আক্রান্ত হচ্ছে। বিশ্বে এইডসের কারণে এ পর্যন্ত অনাথ হয়েছে এক কোটি ৪০ লাখ শিশু।
সভায় জানানো হয়, বিশ্বের নিু ও মধ্য আয়ের ১২৬টি দেশে ২০১০ সালের মধ্যে আরো সাড়ে চার কোটি মানুষের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৪০ শতাংশই এশিয়া অঞ্চলে হওয়ার সম্ভাবনা।
প্রতিবেশী দেশ ভারতে ৫১ লাখ , মায়ানমারে তিন লাখ ৩০ হাজার, নেপালে ৬১ হাজার, থাইল্যান্ডে পাঁচ লাখ ২০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত ।
প্রতিবেশী দেশগুলোতে এ রোগের আক্রান্তের সংখ্যা বেশি বলেই বাংলাদেশ বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া শিক্ষার অভাব, সচেতনতার অভাব, রক্ত সঞ্চালনে অনিয়ম, সিরিঞ্জের পূনর্ব্যবহারের ফলে এ রোগ বৃদ্ধি পাচ্ছে।
বেসরকারি হিসাবে বর্তমানে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে সাত হাজার, মারা গেছে ৪৭ জন।
এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল এইডস/এসটিডি’র (এনএএসপি) প্রোগ্রাম ম্যানেজার ড.আব্দুস সেলিম। বক্তব্য রাখেন ন্যাশনাল এইডস টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মতিউর রহমান, ইউএনএইডস’র সাহারা অঞ্চলের কান্ট্রি কো -- অর্ডিনেটর ইভারিস্টো মারেয়া, ইউনিসেফ’র প্রতিনিধি শাসসুদ্দিন আহমেদ, বেসরকারি সংস্থা আশার আলোর হাবিবা আক্তার প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বার্তা সংস্থা বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত হোসেন, লোক সমাজের সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আপেল মাহমুদসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।
