২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৩৬, সমন্বিত

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর--ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক কলেজ শিক্ষক ও বাসচালকসহ পাঁচ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার পর ওই রুটের সকল বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুর ১টায় নসিব নামে একটি যাত্রীবাহী বাসকে (রংপুর জ--১১--০০০৮) অপর একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার জন এবং হাসপাতালে একজন নিহত হয়েছে।

ঘটনাস্থলে নিহতরা হচ্ছে, বাসযাত্রী-- আমবাড়ী কলেজের প্রভাষক আব্দুর রশিদ (৪০), সুমন (২৫), সন্তোষ (৩০) এবং অজ্ঞাত (২৭)। হাসপাতালে আনার পর নিহত হয় বাসটির চালক শরতলীর জালিয়াপাড়া এলাকার বাবু (৪০)।

গুরুতর আহতরা হচ্ছে-- আবু বক্কর সিদ্দিক (৪৫), হাবিবুল (৪২), ইউনুস (৫০) ও অজ্ঞাত (২৬)। অন্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদিকে দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্র“পের ডাকা অনির্দিষ্টকালের পবিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু যাত্রীবাহী বাস জেলার ৫২টি রুটের মধ্যে ৩২টিতে আংশিকভাবে চলাচল করে।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল--মধুপুর সড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে শনিবার সকালে বাস--ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো--জ ১৪--১৩৫৮) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ৯--৯৭১৫) সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতরা হচ্ছে-- বাসের চালক মির্জাপুর সদরের মুনির হোসেন (৩৫), ট্রাকের হেলপার ঘাটাইল উপজেলার চান্দনী গ্রামের শাহেদ আলী (৪০) ও বকুল মিয়া (৩০) এবং অজ্ঞাতনামা বাস যাত্রী (৩০)।

আহতদের নিকটস্থ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে শনিবার বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) সংযোগ সড়কের পাঁচিলিয়া নামক স্থানে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারি নিহত হয়েছে।

পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুপুর ৩টায় রায়গঞ্জ উপজেলার দাদনপুর গ্রামের আবু সাইদ (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাভার প্রতিনিধি জানান, সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৭টায় সাভারের বাইপাইলে সড়ক দুর্ঘটনায় পলাশবাড়ী বাসস্ট্যান্ডের সামনে একটি যাত্রীবাহী বাস ও অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্শার যাত্রী অজ্ঞাত মহিলা (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অটোরিক্শার অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের সাভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনায় বিকেল সাড়ে ৪টায় সাভার--গাবতলী রোড়ে মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারি (৪২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

সাভার থানার এসআই জয়নাল জানান, দুর্ঘটনার ব্যাপারে সাভার থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।