ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ, তীব্র যানজট
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া--দৌলতদিয়া ও কাজীরহাট নৌ--রুটে বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
এসময় যানবাহন নিয়ে মাঝ নদী ও ঘাটে আটকা পড়ে ৯টি ফেরি। এর ফলে পাটুরিয়া--দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়া শত শত যানবাহন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা--যমুনায় ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই তিন রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এসময় যানবাহন নিয়ে মাঝ নদীতে রো রো ফেরি শাহ মখদুম ও বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নোঙ্গর করতে বাধ্য হয়।
পাটুরিয়া ঘাটে আটকা পড়ে রো রো ফেরি শাহ্ পরাণ, শাহ আলী, কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ডাম্ব ফেরি রায়পুরা আটকা পড়ে দৌলতদিয়া ঘাটে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া--দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আটকা পড়া যানবাহনের শিশু ও মহিলাসহ অগণিত যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়।
সকাল নয়টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও পর্যন্ত পাটুরিয়া--দৌলতদিয়া ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে রয়েছে।
