২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ আবু হেনা বিএনপি থেকে বহিষ্কৃত

দেশে ইসলামী জঙ্গিদের উত্থানে সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ায় কারণ দেখিয়ে ক্ষমতাসীন বিএনপি বৃহস্পতিবার সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সংবিধানের অনুচ্ছেদ পাঁচ এর (সি) ধারায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শৃংখলাভঙ্গ, দলীয় ভাবমূর্তি ক্ষণœ করা এবং অসদাচরণের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার  এবং দলীয় সদস্যপদ বাতিল করেছেন।

রাজশাহী--৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু হেনা মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে সরকারের একাংশের প্রতি দোষারোপ করেন।

একটি জাতীয় দৈনিকের সাথে বিশেষ সাক্ষাৎকারে আবু হেনা বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিকদল জামায়াতে ইসলামী দেশের জঙ্গি তৎপরতার অন্যতম মদদদাতা। তিনি বলেন, জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী ঐক্যজোটের সাথেও জঙ্গি কর্মকাণ্ডের সম্পর্ক থাকতে পারে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর দু’জন মন্ত্রী এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক জঙ্গিদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। বারবার সরকারের একাধিক পক্ষকে আমি একথা জানালেও তারা ভ্রুক্ষেপ করেনি।

তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ এখন বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে এখন ৭১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্যে বিএনপি ও সরকারের একমাত্র পথ জামায়াতে ইসলামীকে ত্যাগ করা। কোনোভাবেই সরকারে তাদের রাখা যাবে না। ভবিষ্যতে জোট করাও ঠিক হবে না। অন্যথায় দেশ গভীর বিপদের মুখে পড়বে।

আবু হেনা বলেন, আফগানিস্তানে যুদ্ধে অংশ নেয়া আল কায়েদা সদস্য বাংলা ভাইকে পরিকল্পিতভাবে দু’বছর আগে বাগমারায় ঘাঁটি গেড়ে দেওয়া হয়।

ব্যারিস্টার আমিনুল হক ও রাজশাহীর তৎকালীন এসপি মাসুদ মিয়া তাদের সব রকম সহযোগিতা করেন। এছাড়া নওগাঁয়ও তাদের একই পৃষ্ঠপোষকতা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বিবিসি’র বাংলা সার্ভিসের সাথেও এক সাক্ষাৎকারে আবু হেনা বিএনপির কয়েকজন নেতা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন।