২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ছাড়ছে না নাইকো

কানাডার কোম্পানি নাইকো বৃহস্পতিবার সুস্পষ্টভাবে বলেছে, ‘তারা বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বাংলাদেশ সফররত নাইকোর নির্বাহী চেয়ারম্যান এডওয়ার্ড এস স্যামসন বিডিনিউজকে বলেন, ‘আমরা চলে যাচ্ছি না। ১৯৯৭--৯৮ সালে আমরা এখানে কাজ শুরু করেছি এবং দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করতে চাই’।

তবে তিনি বলেন, ছাতক গ্যাস ক্ষেত্রে উৎপাদন শুরু করার অনুমোদন না পাওয়ায় রিগের ভাড়া বাবদ তাদের প্রতিদিন ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। গ্যাস উৎপাদন শুরুর জন্যে আরো অপেক্ষা করতে হলে লোকসানের পরিমান আরো বেড়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এডওয়ার্ড স্যামসন বলেন, ‘আমরা উৎপাদন শুরু করতে প্রস্তুত। কিন্তু সরকার আমাদের প্রস্তাব অনুমোদন করছে না। এটি দুঃখজনক’।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান নাইকোকে গ্যাস উৎপাদন শুরুর আগে সংঘটিত দু’টি অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ প্রদানের শর্তে রাজি হতে বলেছেন।

তারা জানান, পরিবেশের ক্ষয়ক্ষতির জন্যে নাইকোর কাছে ৭৬৮ মিলিয়ন টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হবে। এছাড়া অগ্নিকাণ্ডের সময় যে তিন বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে তার ক্ষতিপূরণ আদায়ের নথি আইন মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে দেখছে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা আরো জানান, বিভিন্ন পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সময় ৫২ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে বলে যে দাবি করা হচ্ছে তা প্রমাণিত হলে নাইকোকে আরো বেশি ক্ষতিপূরণ দিতে হবে।

নাইকোর নির্বাহী চেয়ারম্যান স্যামসন বলেন, ছাতক গ্যাস ক্ষেত্রের আশেপাশের যেসব লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতোমধ্যেই তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করেছি। বাপেক্সের সাথে নাইকোর যৌথ উদ্যোগ সংক্রান্ত সম্পাদিত চুক্তি (জেভিএ) অনুযায়ী সবকিছু করতে এবং সকল দায়দায়িত্ব বহন করতে নাইকো রাজি আছে।

তিনি বলেন, কিন্তু অন্যান্য বিষয়ে ক্ষতিপূরণের যে দাবি করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়।

এডওয়ার্ড স্যামসন বলেন, চলতি বছরের জানুয়ারি ও জুনে সংঘটিত দু’টি দুর্ঘটনা তাদের কাছেও প্রত্যাশিত নয়, কিন্তু এ ধরনের দুর্ঘটনা তেল ও গ্যাস শিল্পের জন্যে স্বাভাবিক।

তিনি বলেন, বিশ্বে প্রতিবছর তেল ও গ্যাস উৎপাদন খাতে মোট ৩০০টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চলতি বছর কানাডায়ই ঘটেছে ১৫টি। কোনো দুর্ঘটনা ঘটেনি এমন কোম্পানির সংখ্যা খুবই কম।

তিনি আরো বলেন, টেংরাটিলায় এক বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ুক আর যাই পুড়–ক তার জন্যে নাইকো নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা, বাপেক্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোম্পানিটি এ প্রকল্পের ৮০ শতাংশ শেয়ারের মালিক।

এছাড়াও ফেনী গ্যাস ক্ষেত্র থেকে নাইকো যে গ্যাস সরবরাহ করছে এখনও তার দাম নির্ধারণ না করাকে ‘হাতাশাজনক’ হিসেবে উল্লেখ করেন স্যামসন।

তিনি বলেন, এক বছর হয়ে গেল আমরা ফেনী গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করেছি।

রাষ্ট্রায়াত্ত তেল, গ্যাস ও জ্বালানি কর্পোরেশন পেট্রোবাংলার কর্মকর্তারা বলেন, প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে নাইকো ২ দশমিক ৩৫ ডলার চাচ্ছে। তবে পেট্রোবাংলা ২ দশমিক  ১০ ডলার দিতে সম্মত হয়েছে।

এডওয়ার্ড স্যামসন বলেন, বিভিন্ন বিলম্ব সত্ত্বেও সমুদ্রে গ্যাস উত্তোলনে তাদের অভিজ্ঞতা থাকায় তারা বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনের জন্যে সরকার তৃতীয় পর্যায়ে দরপত্র আহ্বানের যে পরিকল্পনা করছে তাতে অংশ নিতে আগ্রহী।

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং ‘আমাদের সে ধৈর্য রয়েছে’।