২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পুলিশ ফাঁড়ির পাশে বোমা বিস্ফোরণ, চুয়াডাঙ্গায় চিরকুটসহ বোমা উদ্ধার

মাদারীপুরের কালকিনির আকালবরিষ গ্রামে একটি পুলিশ ফাঁড়ির পাশে বুধবার গভীর রাতে দু’টি বোমা বিস্ফোরিত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার একটি মার্কেট থেকে বৃহস্পতিবার দুপুরে চরমপন্থী সংগঠনের পক্ষে লেখা চিরকুটসহ একটি বোমা উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির পাশে পর পর দু’টি বোমা বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হল-- বাচ্চু, আকবর ও হারুন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিস্ফোরণ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিডিনিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, শহরের সাঈদ ম্যানশন থেকে দুপুরে চরমপন্থী সংগঠনের পক্ষে লেখা চিরকুটসহ একটি বোমা উদ্ধার করা হয়। বোমাটি থানায় নিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।

সাঈদ ম্যানশনের মালিক আবু সাঈদ জানান, দুপুরের দিকে মার্কেটের সিঁড়ির কাছে বোমা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দেয়।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা ফোর্স নিয়ে এসে বোমাটি উদ্ধার করে। বোমাটির পাশে ওই মার্কেটের কম্পিউার ল্যান্ড দোকানের মালিক লোটাসকে খতম করা হবে-- এই মর্মে কমিউনিস্ট পার্টির (এমএল) পক্ষে একটি চিরকুট উদ্ধার করা হয়।