লাল ফিতায় ঝুলছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য
জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ১শ’ আটজনসহ সারাদেশে ২৭ হাজার চারশ’ ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর ভাগ্য উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ার বেড়াজালে আটকা পড়েছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সম্মিলিত কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ ১২ জন নেতৃস্থানীয় ব্যক্তির স্বাক্ষরযুক্ত এক লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিনের দাবি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে।
সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের উন্নয়ন খাতভুক্ত মোট জনবলের মাত্র ৪০% ভাগ রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও অবশিষ্ট ৬০% ভাগের ওই বৃহৎ সংখ্যক কর্মকর্তা কর্মচারীর চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের কোনও ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারেনি।
এরমধ্যে ২০০৪ সালের মার্চে মাঠ পর্যায়ের ১২ হাজার পাঁচশ’ ৬৯ জন ও সদর দপ্তর ভিত্তিক সাতশ’ ছয়জন এবং ২০০৫ সালে সর্বশেষ ৩০% জনবল রাজস্ব খাতে স্থানান্তরের সম্মতিপত্র জারি করা হয়। তবে সেখানেও সংস্থাপন মন্ত্রণালয়ের অর্থবিভাগের আনুষ্ঠানিকতা পালনের শর্ত রাখা হয়েছে। ফলে এ সমস্যার এখনও কোনও কূল কিনারা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থাপন মন্ত্রণালয়ের অর্থবিভাগের আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে ২০০৪ সালের ২৮ অক্টোবর ওই বিভাগের কর্মচারী পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও পেশ করে।
এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ২৩ এপ্রিল তারা এ অধিদপ্তর প্রাঙ্গণে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করে।
এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মচারী পরিষদ সকল মন্ত্রী, উপ-মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিকট আবেদন জানায়।
২০০৫ সালের ৩০ জুন প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দানের আবেদন পেশ করা হয়।
সংশ্লিষ্ট কর্মচারী পরিষদের ক্ষুব্ধ নেতারা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার মূল। তারা বছরের অধিকাংশ সময় বেতন-ভাতা পায় না এবং গত ঈদ বোনাস থেকেও বঞ্চিত হয়েছে। তবে তাদের তিন মাসের বেতন দেওয়া হলেও তা পুরনো স্কেলে দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর আশানুরূপ অগ্রগতি সাধিত না হওয়ায় সম্মিলিত পরিষদ ২০০৫ সালের ২২ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রতীক অনশন ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ এবং ২৯ সেপ্টেম্বর ঢাকায় দিনব্যাপী প্রতীক অনশন করে।
কিন্তু এত কিছুর পরেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ ব্যাপারে কোন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেনি।
এদিকে পরিবার-পরিকল্পনা বিভাগের বেতন-ভাতা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা কান্না জড়িত কন্ঠে বিডিনিউজকে জানান, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
