আগামী জানুয়ারিতে ১৭ আগস্ট বোমা হামলা মামলার বিচার কাজ শুরু হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সারা দেশে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একথা জানান।
তিনি বলেন, বোমা হামলার পর দেশের বিভিন্ন স্থানে ১৭০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৬১টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে এবং বাকি মামলাগুলোর চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের ছুটি শেষে ১৭ আগস্টের বোমা হামলা মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে পারব বলে আশা করছি।
এর আগে অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৭ আগস্টের বোমা হামলা মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দাখিল করা হয়েছে, সেগুলোকে দ্রুত বিচার আদালতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। হস্তান্তরের দুই মাসের মধ্যে এসব মামলার বিচার কাজ সম্পন্ন করারও নির্দেশ দেয় মন্ত্রণালয়।
এদিকে সরকার জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও জেএমজেবি প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেপ্তার করার লক্ষ্যে তাদের ধরিয়ে দেওয়ার জন্যে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে।
ইসলামী আইন চালুর করার জন্যে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে তারা দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার পরিকল্পনাকারী ছিল বলে অভিযোগ রয়েছে।
তবে এখনও পুলিশ তাদের করতে পারেনি।
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করার পরপরই দল দু’টির প্রধান যথাক্রমে মাওলানা শায়খ আবদুর রহমান ওরফে এহসান মাওলানা ওরফে এহসান ও মোহাম্মদ সিদ্দিক ইসলাম ওরফে সিদ্দিকুর ওরফে আজিজুল ইসলাম ওরফে ওমর আলী লিটু ওরফে বাংলা ভাই আত্মগোপন করেন।
