২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে ৭ জেএমবি ক্যাডার গ্রেপ্তার : চার্জশীট প্রদান

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্নস্থানে সাত জেএমবি ক্যাডার গ্রেপ্তার এবং ছয় জনের নামে চার্জশীট দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ে গ্রেপ্তারকৃত জেএমবি ক্যাডার বোমা হামলার অভিযোগ স্বীকার করেছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ১৭ আগষ্টের সিরিজ বোমা হামলার দায়িত্ব স্বীকার করে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য তানভিরুজ্জামান ওরফে মুরাদ ওরফে সালমান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। বুধবার পঞ্চগড়ের প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট সাজেদুল ইসলামের আদালতে সে এ জবানবন্দী দেয়।

জবানবন্দীতে তানভীর জানায়, সে ঘটনার দিন সকালে পঞ্চগড় জজকোর্টের মেইন গেটের নারিকেল গাছের নিচে বোমা পুঁতে রাখে। তবে অন্যান্য স্থানের বোমা সম্পর্কে সে কিছু বলেনি।

গত শুক্রবার ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালের স্বীকারোক্তি অনুযায়ী পঞ্চগড় থানা পুলিশ শনিবার ভোরে পঞ্চগড় শহরের নুতনবস্তির এলাকার একটি ভাড়া বাসা থেকে জেএমবি সুইসাইড স্কোয়াড সদস্য তানভীরসহ ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে। পরে তানভীরকে ১৭ আগষ্টের বোমা হামলার মামলায় গেপ্তার দেখানো হয়।

অন্যদিকে পঞ্চগড়ে ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগে পঞ্চগড় থানা পুলিশ শহরের রৌশনাবাগ থেকে মো. জনি (১৮) নামে এক গ্রেপ্তার করেছে। গত ২০ নভেস্বর তাকে আটক করলেও পুলিশ জনিকে মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়েছে। সে কোন জঙ্গি বা অন্য কোন সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে এ সন্দেহে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।

বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শিবগঞ্জ থেকে র‌্যাব ৫ এর সদস্যরা জেএমবি সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় দুইজনকে আটক করেছে। আটককৃতদের নাম আব্দুর রহমান ও হামিদুর। বুধবার তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, র‌্যাব সুনির্দিষ্ট অভিযোগ না করায় তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। 

বিডিনিউজ ব্রাক্ষ্মণবাড়িয়া  প্রতিনিধি জানান, গোয়েন্দা পুলিশ ৬ জনকে আসামি করে বুধবার ১৭ আগস্ট বোমা হামলার মামলায় চার্জশটি দিয়েছে। গোয়েন্দা পুলিশের এসআই কায়সার আলী খান এই চার্জশীট দেন। আসামিদের মধ্যে ৫ জনকে  ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। চার্জশীটভূক্ত আসামিরা হচ্ছে-দ্বীন ইসলাম (৩৫), সাইফুল্লাহ আখন্দ (১৮), শামীম মিয়া (৩৫), সোহাগ (১৮), জনি চৌধুরী (২২) ও শাহ আলম (২৩)।

অন্যদিকে র‌্যাবের হাতে জঙ্গি সন্দেহে আটক হারুন রশীদের রিমান্ডের আবেদন আদালত না মঞ্জুর করেছে। বুধবার তাকে সাত দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করে আদালতে সোপর্দ করলে আদালত রশীদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।  

বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে জেএমবি সন্দেহে মঙ্গলবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোজাম্মেল হক (২৫), মিজানুর রহমান দুলাল (২২), ইউনুস (১৬), তরিকুল ইসলাম (২০) ও আবু তালেব ওরফে  রাহী (২৪)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোজাম্মেল ও রাহী চলতি বছর রাজশাহী বিশ্বদ্যিালয় থেকে কম্পিউটার সায়েন্সে øাতক পাশ করেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযানে ধাওয়া খেয়ে হাতিয়ায় আশ্রয় নিয়েছিল। বুধবার তাদের হাতিয়া উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে।