ক্ষুধা ও অপুষ্টিতে প্রতি বছর ৬০ লাখ শিশু মারা যায়
ক্ষুধা ও অপুষ্টিতে ভোগে প্রতি বছর পৃথিবীতে ৬০ লাখ শিশু মারা যায় এবং আফ্রিকার সাহারা অঞ্চলে আগের দশকের চেয়ে বর্তমান দশকে বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
রোমভিত্তিক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রতিবেদনে বলা হয়, ডায়রিয়া, নিউমনিয়া ও ম্যালেরিয়াসহ অনেক নিরাময়যোগ্য রোগেও শিশুরা মারা যাচ্ছে।
সাহারা অঞ্চলে ১০ বছর আগে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ছিল ১৭ কোটি ৪ লাখ। ২০০০-০২ সালে এ সংখ্যা ২০ কোটি ৩৫ লাখে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উন্নয়নশীল দেশে ক্ষুধা ও অপুষ্টির প্রধান কারণ দারিদ্র্য, অজ্ঞতা ও বিভিন্ন রোগশোক।
জাতিসংঘের অন্যতম সংস্থা ফাও’র মতে, ২০১৫ সালের মধ্যে ক্ষুধাক্রান্তের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি দূরহ হলেও অসম্ভব নয়। ১৯৯৬ সালে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে এবং পুনরায় ২০০০ সালের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিশ্ব ক্ষুধা পরিস্থিতি বিষয়ে বার্ষিক প্রতিবেদনে সংস্থার মহাসচিব জ্যাককুইস ডিওফ বলেন, যদি প্রত্যেকটি দেশ ক্ষুধা কমাতে সচেষ্ট থাকে, তবে শুধু দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে।
প্রতিবেদনে আর বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলেরও এ লক্ষ্যমাত্রা অর্জনের চমৎকার সুযোগ রয়েছে।
রোম সফররত মার্কিন কৃষিমন্ত্রী মাইক জোহান্স মঙ্গলবার ফাও এবং ইটালিয়ান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধের জন্যে মুক্তবাণিজ্য ও অর্থনীতির বিকাশই মূল হাতিয়ার।
ফাও’র প্রতিবেদনে আরও হয়, এইডস, ডায়রিয়া, যক্ষায় প্রতি বছর ৬০ লাখ মানুষ মারা যায়।
প্রতিবেদনে আরও উল্লেখ আছে, পৃথিবীর ৭৫ ভাগ ক্ষুধার্ত ও দরিদ্র মানুষ বসবাস করে দরিদ্র্য দেশগুলোর গ্রামে।
