২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জেএমবি আস্তানা থেকে বোমা তৈরির সরঞ্জাম, ফর্মুলা ও নকশা উদ্ধার

পুলিশ বুধবার রংপুর শহরের একটি বাড়ি থেকে বোমা তৈরির ব্যাপক সরঞ্জাম ও  জেএমবি’র  নথিপত্র উদ্ধার করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ ব্যাপারে বুধবার বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ জানায়, নীলফামারী থেকে গ্রেপ্তারকৃত জেএমবি ক্যাডার হাফিজ সায়েদুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে নীলফামারী পুলিশ সুপারের নেতৃত্বে রংপুর পুলিশ ও র‌্যাবের যৌথ একটি দল ওই বাড়িতে হানা দেয়।

ওই বাড়ি থেকে উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে আরো আছে-- বেশ কয়েকটি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের চেক ও পাস বই এবং প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলা ও তার মৃত্যুর পর প্রকাশিত প্রতিবেদনগুলোর একটি সংকলিত অ্যালবাম। 

পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) যৌথ অভিযান চালিয়ে জেলা শহরের নূরপুর এলাকার ওই চারতলা ভবন থেকে ১৭ আগস্টের দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার নীলনকশা সংবলিত নথিপত্র উদ্ধার করে।

নিরাপত্তাকর্মীদের ওই অভিযান মঙ্গলবার রাত সাড়ে দশটা থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত চলে।

পুলিশ সূত্র জানায়, নিরাপত্তাকর্মীরা ওই বাড়িটিতে অভিযান চালানোর আগে ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে বাস করা জেএমবি’র একজন সদস্য পালিয়ে যায়।

এদিকে এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের গ্রেপ্তারকৃত জামাতা আব্দুল আউয়ালকে এ মামলার আসামি করা হয়েছে।

ওই বাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে আরো পাওয়া যায়-- বৈদ্যুতিক সার্কিট, আইসি, কম্পিউটার, সিডি, অডিও ক্যাসেট, ছুরি, মানচিত্র, সিম কার্ড, ওয়াকিটকি ইত্যাদি।

এছাড়া ওই বাড়ি থেকে সাহিত্যক হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলা ও মৃত্যুর পর প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের সব প্রতিবেদন সংকলিত অবস্থায় একটি অ্যালবাম পাওয়া গেছে।

বাড়ি থেকে দু’টি ব্যাংকের চেক ও পাসবই পাওয়া গেছে।

এর মধ্যে সোনালী ব্যাংকের একটি যৌথ হিসাবের মালিক হিসেবে মামুনুর রশীদ, রবিউল আলম ও ফরহাদ রহমানের নাম পাওয়া গেছে। হিসাব নম্বর ৭৩১৯। অপর হিসাব বইটি যৌথভাবে আশিকুর রহমান, মাসুদ হাসান, জাভেদ হাসানও আমিনুল ইসলামের।

সোনালী ব্যাংকের ওই দু’টি সঞ্চয়ী হিসাবে গত কয়েক মাসে নয় লক্ষ টাকার লেনদেন হয়েছে।

এছাড়া ওই বাড়ি থেকে আমিনুল ইসলামের নামে ভি ০৫২৬২৮৬ ও আতাউর রহমানের নামে আর ০১৪২১৭১ নম্বরের দুটি পাসপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে আতাউর রহমান ২০০২ সালের ১৭ জুলাই ওই পাসপোর্ট নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান এবং তার সিল রয়েছে। কিন্তু ওই পাসপোর্ট নিয়ে ফিরে আসার কোনও তারিখ উল্লেখ নেই। 

পুলিশ জানিয়েছে, বাড়িটির মালিক বিএনপিসমর্থিত সিবিএ নেতা মো. মুসা মিয়া। তার সাথে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। 

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একে--৪৭, এসএমজি, মেশিনগান ইত্যাদি নিয়ে ওই বাড়িতে প্রশিক্ষণ চালাতো। বাড়ি থেকে এসব অস্ত্রগুলোর ক্যাটালগ এবং প্রশিক্ষণ গাইডবুকও পাওয়া গেছে। 

স্থানীয়রা জানায়, রফিক নামের এক ব্যক্তি গত রমজানের আগে ওই  বাড়ির তৃতীয় তলা ভাড়া নেন। পরবর্তীতে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানের জামাই আব্দুল আউয়াল ওই বাড়িতে বাস করতে থাকে।

তবে অভিযানের আগেই তিন তলার ভাড়াটিয়ারা পালিয়ে যায়।

রংপুরের পুলিশ সুপার মাহবুব মুহসিন সাংবাদিকদের জানান, জঙ্গিরা বাড়িটিকে তাদের গোপন আস্তানা বানিয়ে ফেলেছিল এবং সেখান থেকে পরবর্তী হামলার পরিকল্পনা করছিল।

তিনি আরও বলেন, পুলিশ আটককৃত সরঞ্জামগুলো পরীক্ষা করে দেখছে। পরীক্ষার পর জেএমবি’র নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।